পরবর্তী প্রজন্মের ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট তৈরি করছে সনি

৬ জানুয়ারি, ২০২২ ০১:৩৫  
প্লেস্টেশন ফাইভ কনসোলের জন্য পরবর্তী প্রজন্মের ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট বাজারে আনতে যাচ্ছে সনি গ্রুপ করপোরেশন। নতুন এই হেডসেটে থাকবে একটি অরগানিক এলইডি ডিসপ্লে। এতে একটি ইন্টিগ্রেটেড ক্যামেরা ব্যবহার করা হবে, যা প্লেয়ারদের ট্র্যাক করতে সাহায্য করবে। তা ছাড়া এতে যুক্ত থাকবে একটি বিল্ট-ইন হেডসেট মোটর ও ভার্চুয়াল রিয়্যালিটি সেন্স কন্ট্রোলার, যার মাধ্যমে গেমাররা নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করতে পারবে। এই ডিভাইসের মাধ্যমে গেমাররা ভিন্ন এক স্বাদ পাবে উল্লেখ করে এক বিবৃতিতে সনি জানিয়েছে, এর সংবেদনশীলতা অন্য যেকোনো ভিআর হেডসেটের তুলনায় অনেক গুণ বেশি হবে। ডিভাইসটির সঙ্গে দেওয়া হবে হরাইজন ফ্র্যাঞ্চাইজির ‘হরাইজন কল অব দ্য মাউন্টেন’ নামের গেম। তবে বাজারে এই হেডসেটের মূল্য কত হবে বা কবে তা বাজারে পাওয়া যাবে তা জানায়নি টোকিওভিত্তিক প্রতিষ্ঠানটি। ২০১৬ সালে প্রথম ভিআর হেডসেট বাজারে আনে সনি। তবে প্লেস্টেশন ফোরের জন্য তৈরি করা ওই ডিভাইস গেমারদের মধ্যে খুব একটা সাড়া ফেলতে পারেনি। গত বছর মেটাভার্স তৈরির ঘোষণায় মেটা ইনকরপোরেশন জানিয়েছিল, মেটাভার্স তৈরিতে বেশ জোরেশোরেই মাঠে নেমেছে তারা। ভোক্তারাও ভবিষ্যতে মেটাভার্স ও ভার্চুয়াল রিয়্যালিটির মতো কৃত্রিম দুনিয়ায় আরও বেশি সময় ব্যয় করবে বলে ধারণা করা হচ্ছে। সেখানে ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেটের ভূমিকা অপরিহার্য হবে বলেই মত বিশ্লেষকদের।