নতুন চিপ প্ল্যান্ট তৈরিতে নয় বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এসএমআইসি
বিশ্বব্যাপী চিপ সংকটকে বিবেচনায় রেখে সক্ষমতা বৃদ্ধিতে সাংহাইতে নতুন চিপ প্ল্যান্ট তৈরিতে ৮.৮৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্পোরেশন (এসএমআইসি)। খবর রয়টার্স।
বর্তমানে বিশ্বব্যাপী অটোমোবাইল ও ইলেকট্রোনিক্স ইন্ডাস্ট্রিতে চিপ সংকট ব্যাপক আকার ধারণ করেছে। এই বিষয়টি সামনে রেখে তাইওয়ান সেমিকন্ডাক্টর কর্পোরেশন লিমিটেড ও গ্লোবাল ফাউন্ডারিজ নিজেদের সক্ষমতা বাড়াতে বিনিয়োগ করছে। তাই একই পথে হাটলো চীনের সর্ববৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।
এসএমআইসি জানিয়েছে, নতুন এই প্ল্যান্টে মাসে এক লাখ চিপ তৈরি হবে। চীনের ব্যবসায় কেন্দ্র লিনগাং ফ্রি ট্রেড জোনো এই প্ল্যান্ট তৈরি হচ্ছে। তবে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে যাওয়া এই প্ল্যান্টে অধিকাংশ শেয়ার থাকবে এসএমআইসির। জয়েন্ট ভেঞ্চারের অন্য কোম্পানি হলো লিনগাং এফটিজেড।
এসএমআইসির মালিকানায় চীনা সরকারেরও অংশীদারিত্ব রয়েছে। জাপান, কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে ও যুক্তরাষ্ট্র থেকে চিপ আমদানির নিষেধাজ্ঞাকে আমলে নিয়ে দেশটির সরকার স্থানীয়ভাবে চিপ উৎপাদনে কয়েক বিলিয়ন ডলার খরচ করছে।
চীনের মিলিটারির সাথে এসএমআইসির যোগসংযোগ রয়েছে ও জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে যুক্তরাষ্ট্র সরকারের কালো তালিকায় রয়েছে এসএমআইসি। যদিও বরাবরই যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে অস্বীকার করছে প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/বিএমটি