ডিজিটালি বিচার কার্যক্রম পরিচালনায় অধ্যাদেশ জারি
ডিজিটাল বিচার কার্যক্রম পরিচালনায় সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মাদ আব্দুল হামিদ। তার অনুমতিক্রমে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০’ গেজেট আকারে জারি করা হয়েছে।
শনিবার অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।
অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, যেহেতু সংসদ অধিবেশন নাই, এবং রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে। সেহেতু সংবিধানের অনুচ্ছেদ ৯৩(১) এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাদেশটি প্রণয়ন ও জারি করেন।
এর ফলে ভার্চুয়াল কোর্ট পদ্ধতির দিকে অগ্রসর হলো বাংলাদেশ। তবে ভার্চুয়াল কোর্ট বসাতে এখনও হাইকোর্টের রুলস সংশোধনীর প্রয়োজন রয়েছে। সে ধারাবাহিকতায় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
পাঁচ সদস্যের ওই কমিটিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুবকে সভাপতি করা হয়েছে। এছাড়াও কমিটির সদস্যদের মধ্যে আছেন বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামান।
এর আগে গত বৃহস্পতিবার (৭ মে) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে করোনাভাইরাসের কারণে টানা এক মাস পর সীমিত পরিসরে বসা মন্ত্রিসভার বৈঠকে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০’ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।