ডিজিটাল প্রকল্পে বাংলাদেশকে ৭৮.৫ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

২০ জুন, ২০২০ ১৩:৩৮  
কোভিড-১৯ মহামারিতে ডিজিটাল ক্ষমতায়নে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ প্রকল্পে ৭৮ দশমিক ৫ কোটি ডলার অর্থ ছাড় করেছে বিশ্ব ব্যাংক। এর মধ্যে ৫০ কোটি ডলার অনুমোদন করেছে বেসরকারি বিনিয়োগ এবং ডিজিটাল এন্টারপ্রেনারশিপ প্রকল্পে। আর এনহান্সিং ডিজিটাল গভমেন্ট অ্যান্ড ইকোনমি নামে অপর এক প্রকল্পে অনুমোদন করেছে ২৮ দশমিক ৫ কোটি ডলার। শনিবার (২০ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, এনহান্সিং ডিজিটাল গভমেন্ট অ্যান্ড ইকোনমি প্রকল্পের মাধ্যমে সরকারি সংস্থার জন্য একটি সমন্বিত, ক্লাউড-কম্পিউটিং ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করবে এবং সাইবার-সুরক্ষা উন্নত করবে। ফলে পাবলিক সেক্টরের আইটি বিনিয়োগে ২ বিলিয়ন ডলার সাশ্রয় হবে। প্রকল্পটি এক লাখ নারীদের কর্মসংস্থান তৈরি করবে, ডিজিটাল এবং বিপর্যয়কর প্রযুক্তিতে এক লাখ যুবকদের প্রশিক্ষণ দেবে। প্রকল্পটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং কৌশলগত শিল্পকে ডিজিটালাইজড করতে সহায়তা করবে। ডিজিটাল এন্টারপ্রেনারশিপ প্রকল্পে সফটওয়্যার টেকনোলজি পার্কে ঢাকার প্রথম ডিজিটাল উদ্যোক্তা কেন্দ্র স্থাপন করবে এবং এটিকে সবুজ ভবনে রূপান্তর করবে। আইটি এবং আইটিইএস সেক্টরসহ দেশি-বিদেশি বেসরকারি বিনিয়োগকে আকৃষ্ট করবে। এই প্রকল্পের মাধ্যমে ১ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এছাড়া নানা ধরনের প্রশিক্ষণ পাবেন ১ লাখ বেকার। অর্থনৈতিক অঞ্চলে ২০ শতাংশ চাকরি নারীদের জন্য বরাদ্দ থাকবে।