ডিজিটাল পদ্ধতিতে শ্রমিকের মজুরি ২৮ থেকে উন্নীত হয়েছে ৮২ শতাংশে : সমীক্ষা

২৪ মে, ২০২০ ১৬:৫৫  
একমাসের ব্যাবধানে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ডিজিটাল পদ্ধতিতে মজুরি প্রদান ২৮ শতাংশ থেকে বেড়েছে ৮২ শতাংশে। গত ১৬ মে পর্যন্ত এমএফএস সেবায় মজুরি পেয়েছেন ৬৭ শতাংশ পোশাকশ্রমিক। এর মধ্যে ৮২ শতাংশ পেয়েছেন ডিজিটাল পদ্ধতিতে। অথচ গত গত এপ্রিল মাসেও এই এমএফএস সেবায় মজুরি পেয়েছিলেন ২৮ শতাংশ শ্রমিক। এমনটাই জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং(সানেম)। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা মাইক্রোফাইন্যান্স অপরচুনিটিসের (এমএফও) এক যৌথ সমীক্ষার মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। সমীক্ষায় জানা গেছে, এই শ্রমিকদের মধ্যে বড় একটি অংশই জীবনে প্রথম ডিজিটাল পদ্ধতিতে মজুরি পেয়েছেন। নগদায়ন করতেও বিশেষ বেগ পেতে হয়নি তাদের। এদিকে ঈদের আগে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এপ্রিল মাসের বেতন-বোনাস পেয়েছে ১৯ লাখ ১৯ হাজার শ্রমিক। এমনটাই জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ।