চুয়েট, কুয়েট ও রুয়েটের সঙ্গে দুই ধাপে ভর্তি পরীক্ষায় আগ্রহ বুয়েটের

৭ ডিসেম্বর, ২০২০ ১৩:০০  
চারটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। চুয়েট, কুয়েট ও রুয়েটকে নিয়ে দুই ধাপে এই ভর্তি পরীক্ষা হবে। প্রথম ধাপে চারটি বিশ্ববিদ্যালয়ে প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হবে। প্রিলিমিনারিতে পাস করা শিক্ষার্থীদের নিয়ে পরের ধাপে শুধু বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষা আয়োজন করা হবে। এ পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের ফলাফল অনুসারে এ চার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো হবে। বুয়েট অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে গত ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এই প্রস্তাব দেয়া হয়েছে। এখন চার প্রকৌশল বিশ্ববিদ্যালয় মিলে আলোচনা করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনে পরবর্তী প্রস্তুতি শুরু করা হবে বলে জানিয়েছেন বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন। সূত্রমতে, চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত গুচ্ছ ভর্তি পরীক্ষার অধিকাংশই নেয়া হবে বুয়েট ক্যাম্পাসে। এ সিদ্ধান্তে অন্য বিশ্ববিদ্যালয় রাজি না হলে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে বুয়েট কর্তৃপক্ষ।   জানা গেছে, সাধারণ বিশ্ববিদ্যালয়ের মতো ১১টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তিও গুচ্ছ পদ্ধতিতে হবে।  আগামী ১৯ ডিসেম্বর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পরবর্তী ধাপের কার্যক্রম শুরু করতে উপাচার্যদের বৈঠক করার কথা রয়েছে। প্রযুক্তিবিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।