চীনে মাস্ক পরিহিত অবস্থায় চেহারা শনাক্তের প্রযুক্তি উদ্ভাবন

১০ মার্চ, ২০২০ ১৩:১৩  
মাস্ক পরিহিত অবস্থায়ও চেহারা সনাক্তকরণ প্রযুক্তি উদ্ভাবন করেছে চীনের একটি ফেসিয়াল রিকগনিশান প্রতিষ্ঠান। চীনের এই নওয়াং টেকনোলজি লিমিটেড (ইংরেজি নাম হানভন) এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাস্ক পরিধানকারীকেও তাদের প্রযুক্তি শনাক্ত করতে পারবে। আর টেম্পারেচার সেন্সরের সঙ্গে যুক্ত করা হলে মানুষের নাম জানানোর পাশাপাশি তাপমাত্রাও জানাতে পারবে। এ বিষয়ে চেহারা শনাক্তকরণসহ ইলেকট্রনিক সারভেইলেনস বা নজরদারির কাজে এগিয়ে থাকা বেইজিংভিত্তিক এই প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট হুয়াং লেই বার্তাসংস্থা রয়টার্স-কে জানিয়েছেন, তাপ মাত্রাতিরিক্ত মনে হলে সে অনুযায়ী ব্যবস্থাও নিতে পারবে তাদের প্রযুক্তি। জানাগেছে, এই প্রযুক্তি ব্যবহার করে মূলত দুই ধরনের নিরাপত্তা পণ্য বিক্রি করছে হানওয়াং। একক চ্যানেল ও একাধিক চ্যানেল। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, একক চ্যানেলটি কোনো কার্যালয়ের প্রবেশমুখে স্থাপন করা যেতে পারে। মাল্টি চ্যানেলে একাধিক ক্যামেরা ব্যবহার করে একসঙ্গে সর্বোচ্চ ৩০ জনকে শনাক্ত করতে পারবে বলে দাবি প্রতিষ্ঠানটির।