চালুর পরই দারুণ সাড়া নগদ ‘ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট’-এ

৩০ জানুয়ারি, ২০২৪ ১৩:১২  

লেনদেন পুরোপুরি ইসলামি শরিয়াহভিত্তিক করার লক্ষ্যে নগদ নিয়ে এসেছে ‘ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট’। চালুর মাত্র তিনদিনেই দারুণ সাড়া পেয়েছে নগদের ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট। প্রতিষ্ঠানটির ইসলামিক অ্যাকাউন্ট সম্পূর্ণ শরিয়াহ পর্যবেক্ষক কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানায় নগদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা সম্পূর্ণ শরিয়াহসম্মতভাবে অর্থ লেনদেনের নিশ্চয়তা পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অ্যাকাউন্টের অর্থ সবসময়ই কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের ইসলামি ব্যাংকিংয়ে রক্ষিত থাকে। ফলে গ্রাহককে কোনোরকম সুদ গ্রহণ বা ইসলামে অননুমোদিত লেনদেন করতে হয় না।

যেকোনো ব্যবসায়ী খুব সহজে নগদের নির্দিষ্ট লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে মার্চেন্ট হওয়ার আবেদন করতে পারবেন। তার তথ্য ও ট্রেড লাইসেন্স যাচাই করে নগদ কর্তৃপক্ষ অ্যাকাউন্ট দেবে।

একটি ট্রেড লাইসেন্সের বিপরীতে একটিই মার্চেন্ট অ্যাকাউন্ট করা যাবে। খুব দ্রুতই সাধারণ মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্টে পরিবর্তনের পদ্ধতিও নিয়ে আসবে নগদ।

ক্রেতা যখন কেনাকাটার পেমেন্ট সম্পন্ন করবেন, তখন তা সরাসরি নগদ ইসলামিকের একটি শরিয়াহসম্মত ইসলামিক ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। তারপর তা মার্চেন্টের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। ইসলামিক মার্চেন্টের পুরো ফান্ড ইসলামিক ও শরিয়াহসম্মত উপায়ে নিয়ন্ত্রণ করা হয়।

ইসলামি শরিয়াহভিত্তিক মার্চেন্ট অ্যাকাউন্ট চালুর বিষয়ে নগদের নির্বাহী পরিচালক ও শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল হক বলেন, “আমরা চাই প্রত্যেক মুসলিম যেন ইসলামি শরিয়াহসম্মত জীবনযাপন করতে পারেন। আমাদের ধর্মে সুদকে হারাম করা হয়েছে। তাই আমরা এমনভাবে এই অ্যাকাউন্টগুলো পরিচালনা করি, যা আমাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী চলতে সহায়তা করবে।”

চার বছর ধরেই গ্রাহকেরা নগদ ইসলামিক অ্যাকাউন্ট ব্যবহার করছেন। সেবাটি নিতে আগ্রহী গ্রাহকেরা খুব সহজেই তাদের নিয়মিত নগদ অ্যাপকে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তর করতে পারছেন। সেক্ষেত্রে নগদ অ্যাপে ‘আমার নগদ’ অপশনে ক্লিক করে অ্যাকাউন্টের ধরন হিসেবে ‘নগদ ইসলামিক’ অপশনে ক্লিক করলেই চলমান অ্যাপটি ইসলামি অ্যাকাউন্টে পরিবর্তিত হয়ে যাবে।

নগদ অ্যাপের রং সবুজ হলেই একজন গ্রাহক বুঝতে পারবেন, তার অ্যাকাউন্টটি সফলভাবে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তরিত হয়েছে।

অ্যাকাউন্ট থেকে গ্রাহকেরা ডিজিটাল পদ্ধতিতে তাদের জাকাত ও দান-সদকাও দিতে পারছেন। এছাড়া খুব সহজেই হজ ও ওমরাহর যাতায়াতসহ অন্যান্য খরচ এই অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যায়। এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই তাদের ইসলামিক জীবন বিমার অর্থও পরিশোধ করতে পারছেন।