গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠাতার শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ
করোনা আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে। বুধবার (২৭ মে) তার পিসিআর টেস্ট করার সম্ভাবনা আছে।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৬টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালে তাকে নিয়মিত কিডনি ডায়ালাইসিসের পর ‘ও পজিটিভ’ ব্লাড গ্রুপের ২০০ মিলি প্লাজমা দেওয়া হয় বলে নিশ্চিত কেরেছেন হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের রেজিস্ট্রার ডা. সাইমুম আরাফাত পান্থ।
তিনি জানান, রবিবার গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এন্টিজেন কিটে জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়। তিনি এখনও হোম আইসোলেশনেই আছেন। বিকেল ৩ থেকে ৫ টা পর্যন্ত তার কিডনি ডায়ালাইসিস করা হয়। এরপরেই প্লাজমা থেরাপি দেওয়া হয়।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন থেকে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।