খসড়া নীতিমালায় মত জানাতে সদস্যদের এক সপ্তাহ সময় দিলো আইএসপিএবি

১৫ মার্চ, ২০২০ ২০:৩৭  
আইএসপি খসড়া নীতিমালা বিষেয়ে সদস্যদের আগামী এক সপ্তাহের মধ্যে লিখিত মতামত দেয়ার আহ্বান জানিয়েছে আইএসপিএবি কার্যনির্বাহী কিমিটি। রোববার (১৫ মার্চ) রাজধানীর রাওয়া কনভেনশেন সেন্টারে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এই আহ্বান জানানো হয়। সভায় প্রস্তাবিত খসড়া নীতিমালার পক্ষে-বিপক্ষে নিজেদের মতামত তুলে ধরেন অংশগ্রহণকারী সদস্যরা। আইএসপি নীতিমালার খসড়া নিয়ে অনুষ্ঠিত এ আলোচনায় নতুন নীতিমালা অনুযায়ী, বিভাগীয় পর্যায়ে ব্যান্ডউইথ দেয়ার এখতিয়ার, বিদেশী বিনিয়োগ, জোনাল পর্যায়ের সেবাদাতাদের নামে ন্যাশনওয়াইড লাইসেন্স নবায়ন এবং প্রস্তাবিত লাইসেন্স নবায়ন ফি কমানোর বিষয়টিতে সোচ্চা হয়ে ওঠেন আলোচকরা। আলোচনার সময় নীতিমালাটি প্রস্তাবিত না খসড়া তা নিয়ে বিতণ্ডা হয়। এক পর্যায়ে সভায় উপস্থাপিত খসড়া নীতিমালার ওপর লিখিত মতামত দেয়ার আহ্বান জানানো হয়। আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব ইমদাদুল হক। সকাল ১১টায় শুরু হয়ে সভা শেষ হয় বিকেল ৩টায়। সভায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যই উপস্থিত ছিলেন। অপরদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় সাড়ে ৫০০ সদস্য সভায় অংশ নেন।