অর্ধেক মূল্যে ওয়ালটনে প্রিমিও এনএফ ফাইভ মডেলের ফোন বিক্রির অফার ছড়িয়ে দিতে বেছে নিয়েছে ফেসবুক। সেখোনে ‘ওয়ালটন বাংলাদেশ’ পেজ থেকে দেয়া হচ্ছে এই অফার। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ক্রেতাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে প্রতারণায় ব্যবহৃত নিজেদের ওয়েবসাইটে।
ওয়ালটনের লোগো ব্যবহার করে এই ডোমেইনটি .কম এর জায়গায় কেনা হয়েছে .ক্যাম থেকে। আবার এই অফারের পেমেন্ট গ্রহণে ব্যবহার করা হচ্ছে সুনাম সৃষ্টিকারী ফিন্যান্সিয়াল মোবাইল সার্ভিস।

সাইবার সুরক্ষা মাস অক্টোবরে কর্তৃপক্ষের নজর ফাঁকি দিয়ে চলছে এ ধরনের হাজারো দুবৃত্তপনা। এটা রোধ করতে এবং সাধারণ মানুষকে অবহিত করতে কাজ করছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ)। স্বেচ্ছাসেবী এই সংগঠনের পক্ষ থেকে অফারটির ত্রুটি সম্পর্কে এরই মধ্যে সকলকে অবহিত করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানাগেছে, রাজধানীর ধানমন্ডি ৭ থেকে পরিচালিত হচ্ছে এই কার্যক্রম। আর বেস্ট জোন সেন্টারের নামে গত ১০ অক্টোবর কেনা হয়েছে এই ফেক ডোমেইনটি।
এ বিষয়ে জানতে চাইলে ওয়ালটনের গণমাধ্যম শাখার অতিরিক্ত পরিচালক অগাস্টিন সুজন বারৈ ডিজিবাংলা-কে জানান, বিষয়টি তাদের গোচরে এসেছে। তারা দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন।
ডিবিটেক/আইএইচ