ই-কমার্সের শৃঙ্খলা নিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন যাবে ক্যাবিনেটে

১৮ অক্টোবর, ২০২১ ১৫:২২  
ক্ষতি পুষিয়ে মেরামতের পথ বাতলে দিয়ে আগামী এক মাসের মধ্যে মন্ত্রিপরিষদে প্রতিবেদন জমা দেবে ই-কমার্স ব্যবসায় প্রতারিত ভোক্তা অধিকার সুরক্ষার বিষয়ে গঠিত কমিটি। ওই প্রতিবেদনের ওপন ভিত্তি করেই ই-কমার্সে শৃঙ্খলা ফেরানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো থেকে প্রতারিত গ্রাহকদের অধিকার সুরক্ষার বিষয়ে করণীয় নির্ধারণে বৈঠক শেষে তিনি জানিয়েছেন, ওই প্রতিবেদনে  সব ই-কমার্স প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন কীভাবে করা যায় সে বিষয়ে রিকমেন্ডেশন দেয়ার পাশাপাশি ই-কমার্স প্রতিষ্ঠানকে ভ্যাট-ট্যাক্সের আওতায় আনার বিষয়টিও থাকবে। তিনি বলেন, ইতোমধ্যেই ভোক্তা অধিকার সুরক্ষায় আমরা আটটি সুপারিশ নির্ধারণ করেছি। এই সুপারিশগুলো আগামী এক মাসের মধ্যে বসে আমরা কেবিনেটে পাঠাবো। এটা পাঠানোর পরে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ডিজিটাল কমার্স নীতিমালা বা ই-কমার্সকে কীভাবে শৃঙ্খলার মধ্যে আনা যায় সেটা হয়তো আমরা পলিসি মেকারদের থেকে পাবো। সেই অনুযায়ী কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি আছে, বিশেষ করে কিছু গোপন সংস্থা আছে। এছাড়া ই-ক্যাব ও ক্যাবের প্রতিনিধি আছেন। কীভাবে সেই বিষয়গুলো সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেটা আমরা বসে সবার দিকনির্দেশনা অনুযায়ী করবো।