ইউরোপ-আমেরিকার হজযাত্রীদের জন্য ইলেকট্রনিক নিবন্ধন চালু

৭ জুন, ২০২২ ১১:৪৩  
ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার হজযাত্রীদের জন্য চলতি বছর থেকে ইলেকট্রনিক নিবন্ধনের সুযোগ রেখে পোর্টাল চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তৈরি এই পোর্টালটিতে হজের বিভিন্ন প্যাকেজ, সহায়ক পরিষেবা এবং একাধিক ভাষায় একটি সার্বক্ষণিক কল সেন্টার রয়েছে। মন্ত্রণালয়ের বরাত দিয়ে সাউদি গেজেট জানিয়েছে,, ‘এই পোর্টালটি ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করতে সক্ষম। এই দেশগুলোর সম্মানিত হজযাত্রীদের আকাঙ্ক্ষা দ্রুত ও সহজতরভাবে পূরণ করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হজের জন্য নিবন্ধনের পদ্ধতিগুলোকে এসব দেশের মুসলমানদের জন্য সহজতর করা এবং তাদের সাশ্রয়ী মূল্যে হজ প্যাকেজ দেয়া।’ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর মোট ১০ লাখ হজযাত্রীর মধ্যে ৮৫ শতাংশ সৌদি আরবের বাইরের দেশগুলো থেকে আসবেন। আরব নিউজ এর খবরে বলা হয়েছে, পোর্টালের মাধ্যমে এসব দেশ থেকে হজ করতে ইচ্ছুকদের অন্যান্য দেশ থেকে আসা হজযাত্রীদের মতো বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। নিশ্চিত করতে হবে যে তিনি ৬৫ বছরের কম বয়সী। অর্থাৎ তার জন্ম ১ জুলাই ১৯৫৭ সালের পর। দেশ ছাড়ার আগে করা করোনার পিসিআর টেস্টের ফল নেগেটিভ পাওয়া গেছে। করোনারোধী টিকার কোর্স সম্পন্ন করা হয়েছে। এবং তিনি এর আগে হজ করেননি। এসব শর্ত পূরণ হলেই তিনি অগ্রাধিকার ভিত্তিতে হজ পালনে অনুমতি পাবেন। এই পরিষেবাগুলো হজযাত্রীদের জন্য ডিজিটাল অভিজ্ঞতা আদান-প্রদানে মন্ত্রণালয়ের নতুন কৌশল বলে অভিহিত করা হয়েছে।