ডিসেম্বর পর্যন্ত থাকবে পুরনোটিও
ডিএসইর নতুন ওয়েবসাইট উদ্বোধন
- আন্তর্জাতিক মানদণ্ডে নতুন ওয়েবসাইটটি নকশা করা হয়েছে
- বিনিয়োগকারীদের জন্য যুক্ত হয়েছে নতুন তথ্য ও বিভাগ
- ডিসেম্বর ২০২৬ পর্যন্ত পুরনো ওয়েবসাইটও সচল থাকবে
পুঁজিবাজারের ডিজিটাল সেবা আধুনিকায়নের অংশ হিসেবে নতুন ও আধুনিক ওয়েবসাইট চালু করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে তৈরি নতুন ওয়েবসাইটে বিনিয়োগকারীদের জন্য বাড়তি তথ্য ও নতুন বিভাগ যুক্ত করা হয়েছে। ওয়েবসাইটটি আগামীকাল থেকে সবার জন্য উন্মুক্ত করা হবে।
নিকুঞ্জে ডিএসই টাওয়ারে মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, রাজধানীর এক অনুষ্ঠানে নতুন ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান মুমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ারসহ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, “আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে আমাদের নতুন ওয়েবসাইটটি ডিজাইন করা হয়েছে। বিনিয়োগকারীদের চাহিদার আলোকে এবারের ওয়েবসাইটটির ভেতরে অনেক নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে একইসঙ্গে আগের থেকে আরও অনেক বেশি তথ্য জানতে পারবেন বিনিয়োগকারীরা।”
তিনি জানান, নতুন ওয়েবসাইটটি আগামীকাল থেকে সবার জন্য উন্মুক্ত করা হবে। তবে বিনিয়োগকারীদের নতুন ওয়েবসাইটে ধীরে ধীরে অভ্যস্ত হওয়ার সুযোগ দিতে পুরনো ওয়েবসাইটটিও ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সচল রাখা হবে।
ডিএসই এমডি বলেন, এই সময়ে পুরনো ওয়েবসাইটটিও স্বাভাবিকভাবে কার্যক্রম চালাবে। ডিসেম্বর ২০২৬-এর পর থেকে শুধু নতুন ওয়েবসাইটটি চালু থাকবে।
//ডিপিও/এএইচসি/বিপিও//





