ফোল্ডেবল ফোনের বাজারে অ্যাপল: এলো ‘আইফোন ডুও’
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল বা ভাঁজ করা স্মার্টফোন ‘আইফোন ডুও’ উন্মোচনের মাধ্যমে এই খাতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে। পাসপোর্ট আকৃতির এই ডিভাইসটির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৯৯৯ মার্কিন ডলার।
প্রযুক্তি বাজারে দীর্ঘদিন ধরে স্যামসাং ও হুয়াওয়ের মতো শক্তিশালী প্রতিষ্ঠানের দখলে থাকা ফোল্ডেবল খাতের ধারা বদলে দিতেই অ্যাপল তাদের এই নতুন ফ্ল্যাগশিপ বাজারে এনেছে।
ক্যালিফোর্নিয়ার কিউপারটিনোতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা জন টার্নাস প্রিমিয়াম ক্যাটাগরির এই হ্যান্ডসেটটি বিশ্বের সামনে তুলে ধরেন। বাজার বিশ্লেষকদের ধারণা, এই পদক্ষেপের মাধ্যমে ভাঁজ করা স্মার্টফোনের বাজার সাধারণ গ্রাহকদের কাছে আরও ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পাবে।
পাসপোর্ট আকারের নকশা ও আধুনিক প্রযুক্তি
আইফোন ডুও ভাঁজ করা অবস্থায় দেখতে একটি পাসপোর্টের মতো এবং এটি খুললে ৭.৬ ইঞ্চির একটি বিস্তৃত পর্দায় পরিণত হয়। তবে ভাঁজ করা অবস্থাতেও ব্যবহার করার জন্য বাইরের অংশে একটি পৃথক ছোট পর্দা রয়েছে।
ফোনটিতে ব্যবহৃত হয়েছে অ্যাপলের তৈরি এ২০ প্রো প্রসেসর এবং নিজস্ব প্রযুক্তিতে উৎপাদিত সি২ মোডেম চিপ। তথ্য প্রক্রিয়াকরণ ও দ্রুতগতির নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এটি গ্রাহকের তথ্যের সুরক্ষা বজায় রাখবে বলে অ্যাপল জানিয়েছে।
এছাড়া এর উন্নত ব্যাটারি প্রযুক্তি স্বাভাবিক ব্যবহারের মাধ্যমে টানা ২৪ ঘণ্টা সচল থাকবে। আগামী ২৩ অক্টোবর থেকে বিশ্ববাজারে ডিভাইসটি কেনার জন্য পাওয়া যাবে।
আইফোন ১৮ প্রো এবং অন্যান্য ডিভাইস উন্মোচন
আইফোন ডুওর পাশাপাশি অ্যাপল প্রচলিত কাঠামোর আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলের দুটি নতুন ফোনও উন্মোচন করেছে। ফোন দুটির শুরুর দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১,১৯৯ এবং ১,২৯৯ মার্কিন ডলার।
একই ইভেন্ট থেকে অ্যাপল তাদের সাশ্রয়ী সিরিজের অংশ হিসেবে প্রথমবারের মতো নয়েজ ক্যানসেলেশন সুবিধাযুক্ত ১২৯ ডলার মূল্যের নতুন এয়ারপডস প্রকাশ্যে এনেছে। পাশাপাশি ব্যবহারকারীদের স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিংয়ে আরও সুবিধা দিতে অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪ মডেলের দুটি স্মার্টওয়াচও বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





