২০৩৫ সালের মধ্যে বাৎসরিক ১৫০ বিলিয়ন ডলার আয়ের দূরদর্শী রোডম্যাপ
সকাল থেকেই নভোথিয়েটারে সেমিকন্ডাক্টর ও বেয়ার সামিট ২০২৬
- নভোথিয়েটারে সম্মেলনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বায়োটেক, ইলেকট্রনিক্স, এআই ও রোবটিকস (BEAR) প্রযুক্তির সমন্বয়
- সিলিকন রিভারের আলোয় সাড়ে ছয় কোটি তারুণ্যকে কাজে লাগানোর আহ্বান
গ্রীষ্মপ্রধান হলেও এবারের বর্ষায় দেশে এসেছে অষ্টম প্রজন্মের এক ভাল্লুক! ২৫ জুলাই, শনিবার শ্বাপদ বর্গের স্তন্যপায়ী প্রাণীর ৭টি প্রজাতির বাইরে বাংলাদেশের উদ্ভাবনী গবেষক ও উদ্যোক্তাদের হাত ধরে দেশের তরুণদের নিয়ে রাজধানীর নভোথিয়েটারে সকালেই দ্বিতীয় বারের মতো হাজির হতে যাচ্ছে 'BEAR' সম্মেলন। নদীমাতৃক বাংলাদেশ থেকে বায়োটেক, ইলেকট্রনিক্স, এআই এবং রোবটিকস (BEAR) নিয়ে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বেয়ার সামিট ২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, আইসিটি বিভাগের উপদেষ্টা রেহান আসাদ, বিএসআইএর সভাপতি এম এ জব্বার এবং বিজ্ঞান ও প্রযুক্তিসচিব এম আনোয়ার হোসেন।
মঞ্চে সম্মেলনের মূল কী-নোট উপস্থাপন করবেন দেশের জন্য দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক কৌশল প্রণয়নের আহ্বায়ক, যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হুসাইন। এবারের আয়োজনে বিশেষ ভাবে যুক্ত হচ্ছে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয় থেকে ৯৩ জন 'বেয়ার প্যাট্রন' এবং ওয়ান বাংলাদেশের ৩৬টি নতুন মুখ। এদেরকে ‘আগামীর বাংলাদেশের মুখ’ আখ্যা দিয়ে অধ্যাপক মুস্তাফা হুসাইন বলেন, "অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি কিভাবে চিন্তা করি ইনশাআল্লাহ ১৫০ বিলিয়ন ডলারের বাৎসরিক আয় ২০৩৫-এ। এই যে জ্বলজ্বলে মুখগুলো, এরা গত মাস খানেক যাবত আমার সাথে কাজ করে আসছে। একটাই কথা ছিল—গভীরভাবে চিন্তা করো, সৃজনশীলতার সেরা খেলা দেখাও, প্রতি ফোঁটা ক্যাফিনের এফিসিয়েন্সি যেন হয় শতভাগ।"
প্রযুক্তি খাতে দেশের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন রেখে বলেন, "সাড়ে ছয় কোটি তারুণ্যের সামনে ৩০ বছরের কর্মজীবন ইনশাআল্লাহ পড়ে আছে। এরা যদি সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্সের সঠিক দূরদর্শী মাথা হয়ে থাকে, তাহলে এদের সেই মাথার পেছনে কেন পুরো দুনিয়া দৌড়াবে না? কেন তাদের করে দেয়া অসাধারণ সমাধান গুলিকে মানুষ খুঁজে নেবে না?"
সিলিকন ভ্যালির সফলতার উদাহরণ টেনে তিনি আরও যোগ করেন, "আসুন সিলিকন ভ্যালিতে। দেখুন কত স্বল্প সংখ্যক মানুষের গভীর সৃজনশীল চিন্তায় দুনিয়ার বড় বড় টেকনোলজিক্যাল রিভলিউশন হচ্ছে। তার সাথে এদের ডলার ভ্যালুগুলো মিলিয়ে নিন। তারপর বলুন ১৫০ বিলিয়ন ডলার কি পাইপ ড্রিম? মহান আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সহায় হবেন, নইলে আমি কোনও দিনও গত আগস্ট মাসে সিলিকন রিভার শব্দটি প্রথম বলে আজকে এইখানে আসতাম না। ইনশাআল্লাহ।"
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং 'সিলিকন রিভার বাংলাদেশ'-এর যৌথ প্রযোজনায় এই সম্মেলনে যোগ দিচ্ছেন দেশ-বিদেশের নীতিনির্ধারক, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিনিয়োগকারী, স্টার্টআপ উদ্যোক্তা ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা। আয়োজক সূত্রে প্রকাশ, সম্পূর্ণ অনুষ্ঠানটি 'BEAR 2026 Bangladesh' এবং 'Bangladesh Semiconductor Industry Association'-এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
এদিকে দুই দিনের এই সম্মেলনের প্রস্তুতি হিসেবে শুক্রবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হয়েছে লাইটনিং টক সেশন। সেখানে উপস্থিত ছিলেন প্রযুক্তি দুনিয়ার দুই দিকপাল—ভিএসপিএ চেয়ারম্যান বিচ-ইয়েন থি ট্র্যান এবং স্যানডিস্কের টেকনোলজি ডেভেলপমেন্টের ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার জায়াভেল পাচামুঠু। সম্মেলনের প্লেনারি সেশনে টেক্সাস ইনস্ট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই এবং পার্ড্যু বিশ্ববিদ্যালয় অনলাইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. দিমিত্রিওস পেরুলিস তাদের দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও আয়োজনে অ্যাপ্লাইড মেটেরিয়ালসের সাবেক ভাইস প্রেসিডেন্ট আনিসুল খান, ক্রিডোর সহযোগী ভাইস প্রেসিডেন্ট শতিল হক, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক টেরি লিন আলফোর্ড, এনএক্সপি সেমিকন্ডাক্টরসের আরঅ্যান্ডডি ডিরেক্টর সৈয়দ বদরুদ্দোজা এবং ওয়াইইএস-এর চিফ টেকনোলজি অফিসার এম জিয়াউল করিম সহ আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
//ডিবিটেক/ আইএইচ/ইডিপি//





