বাকৃবি-প্রাণ ডেইরির সমঝোতা স্মারক স্বাক্ষর

দুগ্ধ শিল্পে গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে যৌথ উদ্যোগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইআইএফএস এবং প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে দুগ্ধ শিল্পের উন্নয়ন, যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

দুগ্ধ শিল্পে গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে যৌথ উদ্যোগ
১০ জুন, ২০২৬ ২১:৩৭  

দেশের দুগ্ধ শিল্পের উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস) এবং প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

১০ জুন, বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইআইএফএস মিটিং রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান।

আইআইএফএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমীন এবং প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক এবং প্রাণ ডেইরি ও প্রাণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আইআইএফএস-এর পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানিয়ে দীর্ঘদিনের প্রত্যাশিত এ সহযোগিতা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

বিশেষ অতিথির বক্তব্যে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা বলেন, দেশের দুগ্ধ শিল্পকে আরও শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ করতে প্রাণ ডেইরি দীর্ঘদিন ধরে কাজ করছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু প্রাণের ব্যবসায়িক উন্নয়ন নয়, বরং নতুন উদ্যোক্তা তৈরি এবং দেশের দুগ্ধ খাতকে আরও সমৃদ্ধ করা। বাকৃবির শিক্ষার্থীরাই বর্তমানে দেশের বিভিন্ন দুগ্ধ খামার ও প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে আমরা গবেষণা ও উদ্ভাবনের নতুন ক্ষেত্র তৈরি করতে চাই।”

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে একাডেমিয়া এবং শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও জ্ঞানভিত্তিক সক্ষমতার সঙ্গে প্রাণ ডেইরির মাঠপর্যায়ের অভিজ্ঞতার সমন্বয়ে দেশের দুগ্ধ শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, এই অংশীদারিত্ব দুগ্ধ খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি, পণ্যের গুণগত মান উন্নয়ন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং দেশের দুগ্ধ শিল্পের টেকসই উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

//ডিবিটেক/এএইচবাও/এমআই//