নগদের প্রশাসককে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সব দাবি ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রতিবাদ
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ তাদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, একটি স্বার্থান্বেষী মহল নগদের সুনাম ক্ষুণ্ন এবং প্রশাসকের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
৬ জুন, শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে নগদ কর্তৃপক্ষ জানায়, প্রশাসক ও সহযোগী প্রশাসকদের বেতন, গাড়ি ব্যবহার, যাতায়াত ভাতা, বোর্ড সদস্যদের সম্মানী, নিয়োগ সাক্ষাৎকারে সম্মানী গ্রহণ, ব্যক্তিগত খরচ, জন্মদিন উদযাপন এবং নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সামাজিক মাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে, তার অধিকাংশই অসত্য ও বিভ্রান্তিকর।
প্রতিবাদলিপিতে বলা হয়, প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং সহযোগী প্রশাসকরা নগদ থেকে কোনো বেতন গ্রহণ করেন না। তারা নিজ নিজ প্রতিষ্ঠান—বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগ—থেকেই বেতন পান। সামাজিক মাধ্যমে প্রশাসকের মাসিক ৯ লাখ টাকা বেতন গ্রহণের যে দাবি করা হয়েছে, তা আসলে নগদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তার বেতনের তথ্য বলে উল্লেখ করা হয়।
নগদ জানায়, প্রশাসক দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময় কোনো মাসিক ভাতা গ্রহণ করেননি। পরে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ভাতা গ্রহণ না করার শর্তে নগদের বোর্ড প্রশাসকের জন্য মাসিক আড়াই লাখ টাকা এবং সহযোগী প্রশাসকদের জন্য দুই লাখ টাকা বিশেষ ভাতা নির্ধারণ করে।
গাড়ি ব্যবহারের বিষয়ে প্রতিষ্ঠানটির বক্তব্য, প্রশাসকের জন্য নতুন কোনো গাড়ি কেনা হয়নি। নগদের পরিবহন পুলে আগে থেকেই থাকা তিনটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির মধ্যে একটি প্রশাসক দাপ্তরিক কাজে ব্যবহার করেন এবং বাকি দুটি অন্যান্য কর্মকর্তারা ব্যবহার করেন।
যাতায়াত ভাতা প্রসঙ্গে নগদ জানায়, ২০২৪ সালের আগস্টের পর করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ পুনঃস্থাপনের লক্ষ্যে অফিস সময়ের বাইরেও বিভিন্ন বৈঠক করতে হয়েছে। যেসব ক্ষেত্রে অফিসিয়াল গাড়ি সরবরাহ সম্ভব হয়নি, সেসব ক্ষেত্রে বোর্ড অনুমোদিত নীতিমালা অনুযায়ী যাতায়াত ব্যয় প্রদান করা হয়েছে।
বোর্ড সদস্যদের সম্মানী বিষয়ে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের বিধি অনুযায়ী তারা মাসিক ৫০ হাজার টাকা এবং প্রতি বোর্ড সভায় অংশগ্রহণের জন্য ১০ হাজার টাকা সম্মানী পান। একই ধরনের সুবিধা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালকরাও পেয়ে থাকেন।
রিক্রুটমেন্ট ইন্টারভিউয়ের সম্মানী প্রসঙ্গে নগদের দাবি, বোর্ড অনুমোদিত নীতিমালা অনুযায়ী সাক্ষাৎকার বোর্ডের অভ্যন্তরীণ ও বহিরাগত সব সদস্যই সম্মানী পান। প্রশাসক দলের কোনো সদস্য বোর্ডে থাকলে তিনি একই নিয়মে সম্মানী পাওয়ার যোগ্য।
বোট ক্লাবে প্রশাসকের জন্মদিন উদযাপনের অভিযোগও অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। নগদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট অনুষ্ঠানটি ছিল কর্মকর্তাদের একটি গেট-টুগেদার এবং এর ব্যয় ব্যক্তিগতভাবে প্রশাসক বহন করেন। নগদের কোনো অর্থ সেখানে ব্যবহার হয়নি।
ব্যক্তিগত গৃহপরিচারিকার বেতন, ব্যক্তিগত গাড়ির জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় নগদ থেকে পরিশোধের অভিযোগও প্রত্যাখ্যান করেছে প্রতিষ্ঠানটি। নগদের দাবি, এসব সুবিধা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পর্যায়ের কর্মকর্তাদের জন্য বিদ্যমান বিধি অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকেই প্রদান করা হয়।
প্রশাসকের জন্য গানম্যান বা দেহরক্ষী নিয়োগের বিষয়ে বলা হয়, অতীতে নগদের প্রশাসনিক দায়িত্ব পালনকালে একজন প্রশাসকের ওপর হামলার ঘটনা এবং প্রশাসক দলের প্রতি বিভিন্ন ধরনের হুমকির প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নগদ আরও দাবি করেছে, প্রশাসকের নেতৃত্বে প্রতিষ্ঠানটি পুনরায় ঘুরে দাঁড়িয়েছে এবং ২০২৬ সালের মে মাসে ইতিহাসের সর্বোচ্চ ৪৪ হাজার ৬৩৯ কোটি টাকার লেনদেন সম্পন্ন করেছে। এই সাফল্যকে প্রশ্নবিদ্ধ করতেই একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিবাদলিপির শেষাংশে নগদ কর্তৃপক্ষ পুনর্ব্যক্ত করে যে, প্রশাসক কোনো ধরনের নিয়মবহির্ভূত আর্থিক বা অনার্থিক সুবিধা গ্রহণ করেননি। এ বিষয়ে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুসন্ধানে প্রয়োজনীয় সহযোগিতা করারও আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
//ডিবিটেক/এলআর/ইকে//





