স্টারলিংকের নেটওয়ার্কে মিলবে ১৫০ এমবিপিএস স্পিড

স্টারলিংকের নেটওয়ার্কে মিলবে ১৫০ এমবিপিএস স্পিড
৩ মার্চ, ২০২৬ ১৭:৩৮  

স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক তাদের দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) এক মূল বক্তৃতায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই নেটওয়ার্ক টেরিস্ট্রিয়াল নেটওয়ার্কের সমান গতি প্রদান করতে সক্ষম হবে। খবর এনগ্যাজেট।

স্টারলিংক ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস বলেন, “স্টারলিংক মোবাইলের লক্ষ্য হলো স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে টেরিস্ট্রিয়াল নেটওয়ার্কের মতো সংযোগ প্রদান করা। সঠিক অবস্থায় এটি একটি উচ্চক্ষমতাসম্পন্ন ৫জি টেরিস্ট্রিয়াল নেটওয়ার্কের মতো অনুভূত হবে।”

নিকোলস জানান, ভি২ স্যাটেলাইট কনস্টেলেশন আদর্শ অবস্থায় ১৫০ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড দিতে সক্ষম হবে। পরবর্তী প্রজন্মের স্যাটেলাইটগুলো আগের প্রজন্মের তুলনায় ১০০ গুণ বেশি ডেটা ঘনত্ব প্রদান করবে, যা ব্যবহারকারীদের দ্রুত স্ট্রিমিং ও ব্রাউজিং এবং আরও নির্ভরযোগ্য ভয়েস কল নিশ্চিত করবে। বিশেষ করে পৃথিবীর মেরু অঞ্চলে যেখানে প্রচলিত নেটওয়ার্কের কাভারেজ অনিশ্চিত, সেখানে নতুন স্যাটেলাইটগুলো উন্নত কাভারেজ দেবে বলে জানিয়েছেন নিকোলস।

২০২৭ সালের মাঝামাঝি থেকে প্রতিটি উৎক্ষেপণে ৫০টিরও বেশি ভি২ স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে স্পেসএক্স। ছয় মাসের মধ্যে সম্পূর্ণ কনস্টেলেশন গড়ে তোলাই তাদের লক্ষ্য।

এমডব্লিউসি-তে স্টারলিংক আরও জানিয়েছে, তারা জার্মান টেলিকম কোম্পানি ডয়েচে টেলিকমের সঙ্গে অংশীদারত্ব করেছে। এই অংশীদারত্ব ২০২৮ সাল থেকে শুরু হয়ে ইউরোপে ইন্টারনেট কাভারেজের শূণ্যতা পূরণে স্টারলিংকের স্যাটেলাইট কনস্টেলেশন ব্যবহার করবে।

ডিবিটেক/বিএমটি