গুগলের বিরুদ্ধে অটডেস্কের মামলা
এআইচালিত চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান ও ভিডিও গেম নির্মাণ সফটওয়্যার নিয়ে ট্রেডমার্ক লঙ্ঘনের অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা করেছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অটডেস্ক। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে দায়ের করা মামলায় অটডেস্ক দাবি করেছে, তাদের ব্যবহৃত ‘ফ্লো’ নামের ট্রেডমার্ক লঙ্ঘন করে একই নামের প্রতিযোগী সফটওয়্যার বাজারজাত করছে গুগল। খবর রয়টার্স।
মামলার নথি অনুযায়ী, অটডেস্ক ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ভিজ্যুয়াল ইফেক্টস, প্রোডাকশন ম্যানেজমেন্টসহ বিভিন্ন পণ্যে ‘ফ্লো’ নামটি ব্যবহার করে আসছে, যা চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত। কিন্তু ২০২৫ সালের মে মাসে গুগল একই গ্রাহকগোষ্ঠীকে লক্ষ্য করে ‘ফ্লো’ নামের এআই সফটওয়্যার চালু করলে প্রতিষ্ঠানটি বিস্মিত হয়।
অটডেস্কের অভিযোগ, গুগল আগে জানিয়েছিল তারা ‘ফ্লো’ নামটি বাণিজ্যিকভাবে ব্যবহার করবে না। অথচ পরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গায় ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন করে এবং সেটির ভিত্তিতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে সুরক্ষা চেয়েছে। অটডেস্কের দাবি, এতে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং তাদের ব্যবসা ক্ষতির মুখে পড়েছে।
এ মামলায় ক্ষতিপূরণ ও দণ্ডমূলক জরিমানার আবেদন করেছে অটডেস্ক। এ বিষয়ে গুগল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ডিবিটেক/বিএমটি







