আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট। ২০ জানুয়ারি, সোমবার দিবাগত রাত রাত ১০টার দিকে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
সভার সদস্য জহির বিন আলম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে চেম্বার আদালতে আপিল করা হয়েছে। আদালত আপিলের শুনানির সময় ও তারিখ কিছু জানাননি। তবে শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে। পাশাপাশি এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) সকালে আবার আবেদন করা হবে। আমরা সিন্ডিকেট সভা থেকে ৪ / ৫ জন বড় উকিলের সঙ্গে কথা বলেছি। উনারা বলছে কোর্টের যেটা নিয়ম, ওইটার কাউন্টার ব্যালেন্স দিতে হবে। ওইটা কালকে আমরা আবার তুলব। যদি ওইটা ওখানে রায় হয়, সে জন্য আমরা আমাদের নির্বাচন কমিশনকে অ্যাকটিভ রাখছি। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন।
প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর আজ মঙ্গলবার সকাল ৯টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে দুজন প্রার্থী ও একজন শিক্ষার্থীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দিয়েছেন।
নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর ছাত্রশিবির-সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল, ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেল, স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের ক্ষুব্ধ একটা অংশ বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে তাঁরা মিছিল করেন। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট দেখা দেয়।
পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সেখানে তাঁরা নির্বাচনের দাবিতে একের পর এক স্লোগান দেন।
রাতে কয়েক দফায় শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠক করে। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইনি লড়াই চালিয়ে যাওয়া এবং চেম্বার আদালতের সিদ্ধান্তের পরদিন নির্বাচনের ভোট গ্রহণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা রাত একটার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তবে আজ মঙ্গলবার সকাল ১০টায় নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণাও আন্দোলনকারীরা দিয়েছেন।
ডিবিটেক/এপি/ইকে







