এগ্রো-ইকোলজিক্যাল ফার্মিংয়ে বিশেষ গুরুত্বারোপ

এগ্রো-ইকোলজিক্যাল ফার্মিংয়ে বিশেষ গুরুত্বারোপ
১১ ডিসেম্বর, ২০২৫ ০৯:২৮  
নিরাপদ কৃষির প্রসারে কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে এগ্রো-ইকোলজিক্যাল ফার্মিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের।
 পিকেএসএফ ভবন-১-এ ৯ ডিসেম্বর, মঙ্গলবার ২০২৫-২৬ অর্থবছরে পিকেএসএফ-এর কৃষি ইউনিটভুক্ত কার্যক্রমের বাজেট অবহিতকরণ ও কার্যক্রম পর্যালোচনা বিষয়ক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে এমনটা জানান তিনি। 
 
মোঃ ফজলুল কাদের বলেন, রাসায়নিক দ্রব্যের উপর অতিরিক্ত নির্ভরশীলতা মাটির জীবনীশক্তিকে ক্রমাগত ক্ষয় করে চলেছে ফলে মাটির উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। এছাড়া, এর ক্ষতিকর প্রভাব পড়ছে মাটি, পানি, পরিবেশে এবং মানব স্বাস্থ্যর উপরও। এ অবস্থা থেকে উত্তরণের সবচেয়ে টেকসই ও কার্যকর পথ হলো এগ্রো-ইকোলজিক্যাল ফার্মিং। এ পদ্ধতির মাধ্যমে মাটির স্বাভাবিক উর্বরতা পুনরুদ্ধারের পাশাপাশি রাসায়নিক দ্রব্য ব্যবহারের খরচের চেয়ে কম খরচে উৎপাদন নিশ্চিত করে কৃষকরা অধিকতর লাভবান হচ্ছেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং পিকেএসএফ-এর সহযোগী সংস্থাসমূহের প্রধান নির্বাহীসহ পিকেএসএফ ও সহযোগী সংস্থাসমূহের বিশেষজ্ঞ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এফএস/ইকে