জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ

আন্তঃসীমান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বারোপ করলেন আইসিটি সচিব

আন্তঃসীমান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বারোপ করলেন আইসিটি সচিব
২৪ এপ্রিল, ২০২৫ ২০:০২  
২৫ এপ্রিল, ২০২৫ ১১:০৪  

জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল উইনেসক্যাপের (UNESCAP) গভর্নিং কাউন্সিলের দুইটি বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এর একটি হলো এশিয়া-প্যাসিফিক ট্রেনিং সেন্টার অন আইসিটি ফর ডেভেলপমেন্ট (APCICT)। অপরটি এশিয়া-প্যাসিফিক সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অফ ডিজাস্টার ইনফরমেশন ম্যানেজমেন্ট (APDIM)। 

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে উইনেসক্যাপের ৮১তম অধিবেশনের এই গৌরব লাভ করে বাংলাদেশ। গত ২১ এপ্রিল থেকে শুরু হওয়া সম্মেলনটি  শেষ হবে ২৫ এপিল।   

উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ESCAP-এর নির্বাহী সচিব আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা, থাই সরকারের প্রধানমন্ত্রী শ্রীমতি পায়োংটার্ন সিনাওয়াত্রা এবং এই অঞ্চলের বেশ কয়েকজন মন্ত্রী বক্তব্য রাখেন। এবারের অধিবেশনে নেপালের পররাষ্ট্রমন্ত্রী সভাপতি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও অর্থ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ সুফিউর রহমান সহ-সভাপতি নির্বাচিত হন।

প্রধানউপদেষ্টার বিশেষ সহকারী ও অর্থ উপদেষ্টা ড. আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটিডি) সচিব শীষ হায়দার চৌধুরী এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিভিন্ন মন্ত্রণালয় এবং থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একটি ভিডিও ভাষণ প্রচার করা হয়। এ ভাষণে তিনি সব ক্ষেত্রে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতামূলক প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণের নীতির ওপর ভিত্তি করে একটি নতুন বিশ্ব গড়ার আহ্বান জানান।

তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অধিবেশনে দেয়া বক্তব্যে জাতি ও অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলোর ওপর জোর দেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি স্থিতিশীল ও টেকসই নগর উন্নয়ন অর্জনের জন্য আন্তঃসীমান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় বহুমুখী পরিবহণ ব্যবস্থার উন্নয়ন, জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তঃসীমান্ত সমাধানের প্রসার ঘটানোর গুরুত্বের ওপর জোর দেন।

তিনি বলেন, ‘তিনটি শূন্যের মাধ্যমে টেকসই নগরায়ণকে কেন্দ্র করে একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট আয়োজনের মাধ্যমে বাংলাদেশ একটি টেকসই ভবিষ্যতের জন্য তার দৃষ্টিভঙ্গিকে আরও এগিয়ে নিয়েছে।

শীষ হায়দার চৌধুরী বলেন, এই উদ্যোগটি নগর উন্নয়নের একটি উদ্ভাবনী মডেলকে প্রচার করে, যা দৃঢ়ভাবে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণের নীতির ওপর প্রতিষ্ঠিত। এই মডেল অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস : দ্য নিউ ইকোনমিক্স অব জিরো পোভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন এমিশনস’ বই থেকে নেওয়া হয়েছে। এটি একটি টেকসই ও ন্যায়সংগত ভবিষ্যতের জন্য একটি দৃষ্টিভঙ্গির রূপরেখা তুলে ধরেছে।

‘তিন শূন্য’ বিষয়ক অধিবেশনের আলোচনায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণের অ্যাজেন্ডা এগিয়ে নিতে আঞ্চলিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।

তিনি উন্নয়নশীল দেশগুলোকে এই উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনে উন্নত নগর রূপান্তর অভিযাত্রায় প্রাণবন্ত জ্ঞান বিনিময়, উন্নয়নশীল দেশগুলোকে কারিগরি সহায়তা প্রদানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

নির্বাচন ও বিষয়ভিত্তিক অধিবেশনের বাইরে বাংলাদেশ প্রতিনিধিদল ইউএনইএসসিএপি’র নির্বাহী সচিবের সঙ্গে একটি ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করে।

বৈঠকে আইসিটি উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতামূলক প্রচেষ্টা জোরদার করা এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সক্ষমতা জোরদার করার ওপর আলোচনা করা হয়।