সাভারে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতার ওপর গুরুত্বারোপ
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে সাভারে যুব উন্নয়ন একাডেমিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ: যুব সমাজের উন্নয়ন’ শীর্ষক কর্মশালা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৫ এপ্রিল, বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও শিল্পসহ প্রতিটি ক্ষেত্রে এআই নতুন দিগন্ত উন্মোচন করছে। বিশেষ করে এআই-ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর জন্য ব্যক্তিগতভাবে শেখার সুযোগ তৈরি করা এবং কর্মসংস্থানের সাথে দক্ষতার সরাসরি সংযোগ স্থাপন করা সম্ভব। বিশ্বের উন্নত দেশগুলোর আদলে বাংলাদেশকেও এই প্রযুক্তিনির্ভর ধারায় এগিয়ে নিতে সরকার কাজ করছে।
প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী আরও বলেন, এআই-এর মাধ্যমে অনেক সময় অনৈতিক কাজ সংগঠিত হওয়ার ঝুঁকি থাকে, তাই এর সঠিক ও গঠনমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান যেন তারা তৃণমূল পর্যায়ে এই অর্জিত জ্ঞান ছড়িয়ে দেন। একইসঙ্গে এআই প্রযুক্তি যেন অন্তর্ভুক্তিমূলক হয় এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠী যেন এই সুবিধার বাইরে না থাকে, সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ সেলিম খান। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের যুবসমাজ বিশ্বমানের দক্ষতায় সমৃদ্ধ হবে, যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিটেক/এমএনএ/ইকে



