শাহজালাল বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন

শাহজালাল বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন
২১ এপ্রিল, ২০২৬ ০০:০০  

বাংলাদেশের আকাশসীমাকে আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ‘এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার’ (এটিএমসি) উদ্বোধন করা হয়েছে। 

সোমবার, ২০ এপ্রিল, এই সেন্টার উদ্বোধন করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান থ্যালেসের ভাইস প্রেসিডেন্ট নিকোলাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালুর ফলে দেশের আকাশপথ ব্যবস্থাপনায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। এর মাধ্যমে ফ্লাইট পরিচালনায় নির্ভুলতা ও সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে, আকাশসীমার ধারণক্ষমতা বাড়বে এবং নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। উন্নত প্রযুক্তির সহায়তায় ট্রাফিক মনিটরিং ও কন্ট্রোল আরও কার্যকর হবে, যা আন্তর্জাতিক মানদণ্ড পূরণে সহায়ক হবে। পাশাপাশি এটি বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং বাংলাদেশের আকাশসীমার কৌশলগত গুরুত্ব আরও বাড়াবে।

ডিবিটেক/এসএস/ইকে