৮০ হাজার ডলারের নিচে বিটকয়েন
বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ৮০ হাজার ডলারের নিচে নেমে গেছে। শনিবার নিউইয়র্ক সময় দুপুরে বিটকয়েনের দাম ৬ দশমিক ৫৩ শতাংশ কমে দাঁড়ায় ৭৮ হাজার ৭১৯ ডলারে। আগের দিনও বড় দরপতনের মধ্য দিয়ে নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল এই ডিজিটাল মুদ্রা। খবর রয়টার্স।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ নীতিকে ঘিরে অনিশ্চয়তা এবং আর্থিক ব্যবস্থায় তারল্য কমে যাওয়ার আশঙ্কাই এই পতনের মূল কারণ।
নতুন ফেড চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ারশের নাম আলোচনায় আসার পর বাজারে উদ্বেগ বেড়েছে। তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যালান্স শিট ছোট করার পক্ষে, যা তারল্য সংকোচনের ইঙ্গিত দিচ্ছে।
ক্রিপ্টোকারেন্সিকে সাধারণত উচ্চ তারল্যের সুবিধাভোগী হিসেবে দেখা হয়। তবে সাম্প্রতিক এই দরপতন বিনিয়োগকারীদের ঝুঁকির কথা নতুন করে মনে করিয়ে দিয়েছে।
একই সময়ে ইথারের দামও প্রায় ১২ শতাংশ কমেছে। বাজার বিশেষজ্ঞদের ধারণা, আগামী কয়েক দিনেও বিক্রির চাপ অব্যাহত থাকতে পারে।
ডিবিটেক/বিএমটি



