ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নতুন সচিব বিলকিস জাহান রিমি
বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে শীর্ষ প্রশাসনিক পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বর্তমান সচিব বেগম বিলকিস জাহান রিমি (৬৩৯৪)-কে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বেগম বিলকিস জাহান রিমির এই বদলির ফলে শূন্য হওয়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদে আব্দুন নাসের খান (৬৩৫৪)-কে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক দুটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী আব্দুন নাসের খানকে তার অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ হতে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না এবং তাঁর চাকরির অন্যান্য শর্তাবলি চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রশাসনিক পরিবর্তনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হয়েছে। বিশেষ করে আইসিটি ও টেলিযোগাযোগ খাতের ডিজিটাল রূপান্তর এবং বস্ত্র ও পাট খাতের প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে এই রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সচিব হিসেবে বেগম বিলকিস জাহান রিমিকে এখন থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে তার দায়িত্ব পালন করতে হবে এবং আব্দুন নাসের খান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
ডিবিটেক/আইএইচ/এমইউএম







