৪ শতাংশ কর্মী ছাঁটাই করবে এএমডি, নজর এআই চিপ উন্নয়নে

১৪ নভেম্বর, ২০২৪ ১০:১৯  

অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) তার বৈশ্বিক কর্মী বাহিনীর ৪ শতাংশ, প্রায় ১,০০০ জন কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি এখন এআই চিপ উন্নয়নের দিকে আরও বেশি মনোযোগ দিতে চাচ্ছে, যাতে এন্টারপ্রাইজ চিপ বাজারে এনভিডিয়ার সাথে প্রতিযোগিতা করতে পারে। খবর রয়টার্স।

এএমডি বর্তমানে এনভিডিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত, যা জেনারেটিভ এআই প্রযুক্তি, যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, পরিচালনা করতে সক্ষম ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় চিপ উৎপাদনে এক বিশাল বাজার দখল করে রেখেছে।

এএমডির একজন মুখপাত্র রয়টার্সকে জানান, "আমরা আমাদের বৃহত্তম প্রবৃদ্ধির সুযোগগুলোর সাথে সম্পদের সঙ্গতি আনতে একাধিক লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নিচ্ছি।"

গত সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানির ডেটা সেন্টার বিভাগের ১০০%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ব্যক্তিগত কম্পিউটার (পিসি) সেগমেন্ট ২৯% বৃদ্ধি পেয়েছে, তবে গেমিং ইউনিটে বিক্রি ৬৯% কমেছে।

বিশ্লেষকরা ২০২৪ সালে ডেটা সেন্টার ইউনিটের বিক্রি ৯৮% বাড়বে বলে প্রত্যাশা করছেন, যা কোম্পানির মোট আয়ের ১৩% প্রবৃদ্ধির তুলনায় অনেক বেশি।

এএমডি বর্তমানে এআই চিপ তৈরি করতে ব্যাপক বিনিয়োগ করছে। কোম্পানিটি চতুর্থ প্রান্তিকে এমআই৩২৫এক্স নামের নতুন এআই চিপের উৎপাদন শুরুর পরিকল্পনা করছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানির গবেষণা ও উন্নয়ন খরচ প্রায় ৯% বৃদ্ধি পেয়েছে, এবং মোট বিক্রয় খরচ ১১% বৃদ্ধি পেয়েছে।

ডিবিটেক/বিএমটি