মোটরসাইকেলে রাইড শেয়ারিং সেবা চালুর আহ্বান জানালো ‘পাঠাও’

৮ এপ্রিল, ২০২১ ১৪:০১  
অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের  আবেদন জানিয়েছে দেশের ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম ‘পাঠাও। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে এ বিষয়ে তিন পৃষ্ঠার একটি একটি চিঠি পাঠিয়েছেন ‘পাঠাও’ প্রেসিডেন্ট ফাহিম আহমেদ। চিঠিটির প্রতিলিমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ সংশ্লিষ্টেদের দেয়া হয়েছে। চিঠিতে কোভিড-১৯ সংক্রমণ রোধে সময় উপযোগী উদ্যোগ ও সাধারণ মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তায় অর্থনৈতিক কর্মকান্ড অব্যহত রাখার সরকারি পদক্ষেপেরও প্রশংসা করেছে কোম্পানিটি। এ সম্পর্কে ‘পাঠাও’ প্রেসিডেন্ট ফাহিম আহমেদ বলেন, “বাংলাদেশে সাম্প্রতিক কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে, মহামারির বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়ে যায়নি। আমাদের প্রত্যেককে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সরকার নির্দেশিত স্বাস্থ্য ও নিরাপত্তাবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। একইসঙ্গে আমরা অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহন সেবা পুনরায় চালু করতে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি কেননা এই খাতের উপর নির্ভরশীল অগণিত বেকার যুবক হঠাৎ তাদের আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ার কারনে তারা মানবেতর জীবন-যাপন করছে। এছাড়াও চিঠিতে পরিস্থিতি বিবেচনায় নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন সেবা নিশ্চিত করতে অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।