মানবিক সভ্যতা গড়তে ৫জি গাইডলাইন তৈরির পরামর্শ দিলেন মন্ত্রী
বড় আকারের চেয়ে গ্রুপ ভিত্তিক আলোচনা ও পরামর্শ নিয়ে ৫জি গাইড লাইন তৈরির পরামর্শ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এক্ষেত্রে কেবল শিল্প বিপ্লব ৪.০-কে লক্ষ্য করে নয় মানবিক সভ্যতার বিকাশের বিষয়ে অধিক গুরুত্ব দেয়ার পক্ষে মত দিয়েছেন তিনি।
বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশে ৫জি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই পরামর্শ দেন মন্ত্রী।
মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল রূপান্তরটা আমাদের মতো পশ্চাদপদ দেশের জন্য ৫জি অনিবার্য বিষয়। ৫জি ও চতুর্থ শিল্পবিপ্লবের ফলে যেসব দেশে মানুষ কম সেখানে যন্ত্র দিয়ে মানুষের কাজ করানো হবে। কিন্তু যেখানে মানুষ বেশি সেখানে কী হবে। এটা কি আমাদের জন্য অভিশাপ না আশীর্বাদ? এটা নির্ভর করবে সহজ, সাবলীল ও পরিকল্পিত ভাবে এর ব্যবহারের ওপর।
তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব সকলের জন্য এক নয়। এটি উন্নত বিশ্বের জন্য যেমন; অনুন্নত বিশ্বের জন্য তা নয়। আমাদের মধ্যে যে আইওটি সম্ভাবনা রোবটিকস চর্চা শুরু হয়েছে তা আশা জাগানিয়া।
মন্ত্রী বলেন, ৫জি কথা বলা বা ইন্টারনেট ব্যবহারের জন্য। জীবন যাপনের জন্য ছোট্ট ঢেউ নয়। এর সঙ্গে দেশের মানুষ ও শিল্পকে সংশ্লিষ্ট করতে কাজ করছে সরকার। তাই আমরা এবার বরাবরের মতো ট্রেন মিস করবো না।
৫জি গরীবের ঘোড়া রোগ নয় উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, আমরা জানিনা ৫জি আমাদের কোথায় নিয়ে যাবে। তবে জনগণ, ব্যবসায় ও শিল্পে এই প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহারের বিষয়টি এখনো চিন্তা করা কঠীন।
প্রতিদিন দেশে মোবাইলে ১৩৪ কোটি টাকা লেনদেন হয় উল্লেখ করে তিনি বলেন, একদিন হয়তো দেশের মানুষ ব্যাংকের দরজা ভুলে যাবে।
তবে এখনো পর্যন্ত ৩জি ব্যবহার করতে অনেকেই সমস্যায় পড়ছেন স্বীকার করে মন্ত্রী বলেন, এখনো গুণগত মানের সেবা দিতে সক্ষম হচ্ছে না অপারেটররা। সব জায়গায় নেটওয়ার্ক ঠিকভাবে পাই না। তাহলে প্রশ্ন উঠতেই পারে ৫জি কেন?
এই প্রশ্নের জবাবে তিনি বলেন, শিল্প বিপ্লবের মহাসড়ক ৫জি। কেবল মোবাইল প্রযুক্তি হিসেবে নয় এটি ব্যবহৃত হবে শিল্প ও ব্যবসায় খাতে। এজন্য বিটিআরসি অবশ্যই এই মহাসড়বে কতভাবে, কত পরিমাণ গাড়ি চলবে তার ভ্যালুকে মূল্যায়ণ করবে। সেটা নিয়েই গাইড লাইন ও রোডম্যাপ তৈরি করা হবে। শিল্প বিপ্লবের চেয়ে মানব সভ্যতা ভিত্তিক সমাজ গড়তে কী ভাবে ৫জি-কে কাজে লাগানো যায় সে বিষয়টিতে সবিশেষ গুরুত্ব দিতে হবে।