ফের কর্মী ছাঁটাই করছে লিংকডইন, চীনে বন্ধ হবে অ্যাপ
সেলস, অপারেশন ও সাপোর্ট টিম থেকে এবার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে পেশাজীবিদের অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক লিংকডইন। প্রতিষ্ঠানটির কার্যক্রম সুবিন্যস্ত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হলেও ২৫০টি নতুন পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
কর্মীদের কাছে লেখা এক চিঠিতে লিংকডইনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রায়ান রোসলানস্কি।
লিংকডইনের একজন মুখপাত্র বলেছেন, যে কর্মীরা এবার ছাঁটাই হবেন, প্রতিষ্ঠানটির নতুন চাকরির জন্য তারাও আবেদন করতে পারবেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে লিংকডইন নিয়োগ বিভাগ থেকে কর্মী ছাঁটাই করেছে। গত জানুয়ারিতে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছিল, যা প্রতিষ্ঠানটির মোট শ্রমশক্তির প্রায় ৫ শতাংশ। এই ঘোষণার এক মাসের মধ্যেই মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইন কর্মী ছাঁটাই করে।
এদিকে লিংকডইন বলছে, চ্যালেঞ্জিং পরিবেশের কারণে চীন থেকে প্রতিষ্ঠানটির চাকরির অ্যাপ ‘ইনক্যারিয়ারস’ সরিয়ে নেওয়া হচ্ছে। আগামী ৯ আগস্টের মধ্যে অ্যাপটির কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তবে অ্যাপ বন্ধ করে দিলেও চীনে ভিন্নভাবে কাজ করবে প্রতিষ্ঠানটি। যাতে দেশের বাইরে কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ দিতে চীনে কাজ করা সংস্থাগুলোকে সহায়তা করা যেতে পারে।
অপরদিকে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই পর্যবেক্ষণ করা ওয়েবসাইট লেঅফসডটএফওয়াইআই-এর হিসাবে, গত ৬ মাসে সারা বিশ্বে প্রযুক্তি খাতের ২ লাখ ৭০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। আর শুধু মে মাসেই ছাঁটাই করা হয়েছে পাঁচ হাজার কর্মী।
সম্প্রতি বহুজাতিক কোম্পানি অ্যামাজন ২৭ হাজার কর্মী ছাঁটাই করেছে। প্রতিষ্ঠানটির ইতিহাসে এটাই সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা। এ ছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা ২১ হাজার এবং গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশন ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে।
প্রসঙ্গত, ২০২২ সালের শেষ দিকে গুগল, মেটা, টুইটারসহ বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের মধ্য দিয়ে বিশ্বে প্রথম একসঙ্গে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঢল শুরু হয়। সেই ঢল এখনো অব্যাহত। প্রযুক্তিপ্রতিষ্ঠান ছাড়াও অর্থ, গণমাধ্যম, অটোমোটিভসহ আরও নানা সেক্টর থেকে কর্মী ছাঁটাই চলছে।







