ওপেনএআইতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ আলোচনায় অ্যামাজন
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে ওপেনএআইতে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের বিষয়ে আলোচনা চালাচ্ছে অ্যামাজন। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিনিয়োগের পাশাপাশি অ্যামাজন তাদের নিজস্ব ট্রেনিয়াম এআই চিপ সরবরাহ করবে এবং ওপেনএআই অ্যামাজন ওয়েব সার্ভিসেস থেকে আরও বেশি ডেটা সেন্টার সক্ষমতা ভাড়া নেবে। চুক্তিটি সম্পন্ন হলে ওপেনএআইয়ের বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলারের বেশি হতে পারে। খবর টেকক্রাঞ্চ।
প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজন ও ওপেনএআই সম্ভাব্যভাবে ই-কমার্স ক্ষেত্রেও সহযোগিতা নিয়ে আলোচনা করছে, যেখানে ওপেনএআই অ্যামাজনের অনলাইন মার্কেটপ্লেসে কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা দিতে পারে। তবে মাইক্রোসফটের সঙ্গে বিদ্যমান চুক্তির কারণে ওপেনএআইয়ের সবচেয়ে উন্নত মডেলগুলো এখনো অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্মে দেওয়া যাবে না।
এর আগে ওপেনএআই মাইক্রোসফটের সঙ্গে চুক্তি পুনর্গঠন করে অন্যান্য সরবরাহকারীর ডেটা সেন্টার ব্যবহারের সুযোগ পায়। একই সময়ে এনভিডিয়া, ওরাকল ও এএমডির সঙ্গে বড় চুক্তিও করে প্রতিষ্ঠানটি। তবে বিনিয়োগ নিয়ে অর্থ নিয়ে আবার সেই অর্থ অবকাঠামো ভাড়ায় ফেরত দেওয়ার এই ‘চক্রাকার’ কাঠামো বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
ডিবিটেক/বিএমটি







