ডিজিটাল আইনের মামলায় ৮ আসামির অব্যাহতিতে রাষ্ট্রপক্ষের না রাজি

৯ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৪৯  
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মুশতাক আহমেদ ও ‘রাষ্ট্রচিন্তা’র সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ৷ একইসঙ্গে ৮ আসামিকে অব্যাহতি দিয়ে দাখিল করা প্রতিবেদনের ওপর নারাজি দিয়েছেন রাষ্ট্রপক্ষ। এর মধ্যে জুলকারনাইন সায়ের খান সম্প্রতি আল জাজিরায় প্রকাশিত একটি প্রতিবেদনের অন্যতম চরিত্র ‘সামি’। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এ নারাজি দেয়া হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসূলি নজরুল ইসলাম শামীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৩ জানুয়ারি এ মামলার চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। সেখানে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার ঢাকার সমন্বয়ক দিদারুল ভূঁইয়া ও লেখক মুশতাক আহমেদকে আসামি করা হয়। তবে প্রমাণ না পাওয়ায় এজাহারভুক্ত ৮ আসামিকে অব্যাহতির আবেদন করে পুলিশ। এরা হলেন- ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান, নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনীম খলিল, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক সাহেদ আলম, জার্মান প্রবাসী ব্লগার আসিফ মহিউদ্দিন, জুলকারনাইন সায়ের খান, আশিক ইমরান, স্বপন ওয়াহিদ ও ফিলিপ শুমাখার।