টিকা সম্পর্কিত সকল ভুয়া কনটেন্ট ব্লক করবে ইউটিউব

৩০ সেপ্টেম্বর, ২০২১ ০০:৩৫  
টিকা সম্পর্কে মিথ্যাচার প্রচার নিয়ে বেশ বেকায়দায় প্রযুক্তি জায়ান্টগুলো। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকা নিয়ে ভুয়া তথ্য প্রচার ঠেকাতে প্রতিষ্ঠানগুলোকে বেশ বেগ পেতে হচ্ছে। তবে ইউটিউব জানিয়েছে, ভিডিও প্ল্যাটফর্মটিতে টিকা সম্পর্কিত সকল ভুয়া কনটেন্ট ব্লক করে দেয়া হবে। খবর রয়টার্স। যদিও আগে থেকেই করোনা ভাইরাসের অনুমোদিত টিকা নিয়ে ভুয়া কনটেন্ট প্রচার নিষিদ্ধ ছিলো ইউটিউবে। তারপরেও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোম্পানির সিদ্ধান্ত জানানো হয়েছে। ইউটিউবের নীতিমালা অনুযায়ী, ফ্লু টিকা নিলে বন্ধ্যাত্ব হয়; হাম, মামপ্স, রুবেলা প্রতিরোধে বহুল ব্যবহৃত এমএমআর টিকার কারণে অটিজম হয়- এসব ভুয়া তথ্য ইউটিউব তাদের নিজস্ব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে কনটেন্টের পাশাপাশি ভুয়া তথ্য ছড়ানো কিছু চ্যানেলও নিষিদ্ধ করেছে ইউটিউব। এগুলোর মধ্যে রবার্ট এফ. কেনেডি জুনিয়র ও মেরকোলা। নিষিদ্ধ হওয়ার পরেও থেমে থাকতে রাজি নয় মেরকোলা। এক বিজ্ঞপ্তিতে মেরকোলা জানিয়েছেন, পৃথিবীর সব প্রান্তে আমরা ঐক্যবদ্ধ, আমরা ভয়ে বাঁচবো না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের স্বাধীনতা ফিরিয়ে আনবো। ডিবিটেক/বিএমটি