চতুর্থ শিল্প বিপ্লবের ডিজিটাল সংযুক্তিতে প্রস্তুত বাংলাদেশ
চতুর্থ শিল্প বিপ্লব ও এর পরবর্তি সময়ের জন্য প্রয়োজনী ডিজিটাল সংযুক্তির প্রস্তুতি বাংলাদেশ ইতোমধ্যেই সম্পন্ন করেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আর এক্ষেত্রে যেসকল ক্রুটি বিদ্যমান আছে তা চলতি বছরের মধ্যে দূর হয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
তিনি বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশ ৫জি চালুর বিষয়টি চিন্তাও করেনি কিন্তু বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ৫জি চালু করতে যাচ্ছে। এই বছরেই সারা দেশে ৪জি যাচ্ছে। ২৩ সালে আসছে তৃতীয় সাবমেরিন ক্যাবল। ২১ সালেই হাওর-বিল-চর পার্বত্য অঞ্চল ক্যাবল/স্যাটেলাইট সংযোগের আওতায় আসছে।
শনিবারআইইবি'র শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র উদ্যোগে আয়োজিত চতুর্থ শিল্প বিপ্লব: বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।
বক্তব্যে ২০২২ সালের মধ্যে দেশের প্রতিটি ডাকঘরকে ডিডিটাল ডাকঘরে রূপান্তর করার কাজ চলছে বলেও জানান টেলিযোগাযোগ মন্ত্রী।
আইইবি'র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল ও শিল্পবান্ধব পরিবেশ তৈরিতে আইসিটি বিভাগের উদ্যোগে ৩৯টি হাইটেক পার্ক নির্মাণসহ যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথা তুলে ধরেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বক্তব্যে হাওর এবং দ্বিপাঞ্চলে বিদ্যুতের সাবমেরিন ক্যাবলের সাথে ফাইবার ক্যাবল সঞ্চালনের ব্যবস্থা রাখার কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
ডিজিটাল বাংলাদেশে বাস্তবায়নে সরকার প্রকৌশলীদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু) এবং সেমিনার আহবায়ক ও আইইবি’র ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী মো. নূরুজ্জামান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম।
মূলপ্রবন্ধের ওপর আলোচনা করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী এ. এফ এম সাইফুল আমিন এবং বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী মো. মিজানুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (একা. এন্ড আন্ত.) প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।