করোনা পরবর্তী ৫ বছরে দেশে আইটি খাতে লক্ষাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে : আইসিটি প্রতিমন্ত্রী

২২ জুন, ২০২০ ২৩:২২  
করোনার পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ৫ বছরে দেশে লক্ষাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে জানিয়ে তরুণদের প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, বিগডেটা, ব্লকচেইনের মতো ফ্রন্টিয়ার প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নেয়ার আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, তরুণ প্রজন্মের কর্মসংস্থান তৈরিতে আইসিটি বিভাগ উদ্যোক্তা কার্যক্রমের পাশাপাশি দক্ষতা উন্নয়নের কাজ হাতে নিয়েছে। মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রহণ করা সকল প্রশিক্ষণ কার্যক্রম শতভাগ অনলাইনে পরিচালিত হচ্ছে। পলক আরো বলেন, ঘরে বসেই যেন তরুণরা অনলাইনে এসব শিখতে পারে সে জন্য মুক্তপাঠ, ইশিক্ষাডটনেট ইত্যাদি প্লাটফর্মে এসব বিষয় শেখার টিউটরিয়াল তৈরি করা হয়েছে। কিন্তু এই সুবিধা গ্রহণেতো ইন্টারনেট দরকার এমন প্রশ্নের জবাবে জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘ইন্টারনেট ব্যবহার সৌখিনতা নয়। গত তিন মানে এটা প্রমাণিত হয়েছে। এ কারণে আইসিটি পরিবারই কলরেট ও ইন্টারনেটের ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধি অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে। আমরাও আমাদের বিভাগ থেকে লিখিত ভাবে অর্থমন্ত্রীর কাছে এ বিষয়ে আবেদন করেছি। ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা না হলেও যেনো আর বাড়ানো না হয় সে বিষয়ে দরখাস্ত করেছি। ’ প্রসঙ্গক্রমে, প্রযুক্তির সহায়তায় মাহমারি করোনার লাগম টেনে ধরতে রোগীর ঘনত্ব ও বৃদ্ধির হারে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পর্যালোচনা করে এবার ছোট ছোট বৃত্তে লকডাউনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে পরামর্শ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী।