সরকারের সব বিভাগ ও সংস্থার জন্য একটি সমন্বিত ক্লাউড-কম্পিউটিং ডিজিটাল প্ল্যাটফর্ম ও সরকারের সক্ষমতা বাড়াতে একটি ডিজিটাল লিডারশিপ একাডেমি স্থাপন এবং নারীকে অগ্রাধিকার দিয়ে এক লাখ যুবককে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে নেয়া আইসিটি বিভাগের ‘ডিজিটাল গভর্নমেন্ট ও অর্থনীতি সমৃদ্ধকরণ’ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) । আইসিটি বিভাগের পক্ষ থেকে নেয়া এই প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৪১ কোটি টাকা। একইসঙ্গে জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো, মানবসম্পদ ও প্রযুক্তি দক্ষতা প্রকল্পে ১৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় বাড়ানো হয়েছে একনেক সভায়।
জানাগেছে, নতুন প্রকল্পটি আগামী জানুয়ারি থেকে শুরু হবে। আর ২০২৬ সালের ডিসেম্বরে এই কাজ শেষ করতে চায় বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রকল্প দুটি উপস্থাপন করলে সভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুমোদন দিয়েছেন।

প্রকল্প দুটি অনুমোদন করে দেওয়ায় আইসিটি বিভাগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি ‘সশ্রদ্ধ কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী। এ নিয়ে পলক বলেছেন, “কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয় ভাইয়ের প্রতি। যার সার্বিক দিকনির্দেশনায় আইসিটি বিভাগ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।”
এদিকে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, একনেক সভায় ১০ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি সংশোধিত ও পাঁচটি নতুন। এরমধ্যে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৮২ কোটি টাকা।
https://digibanglatech.news/news/local/ict/64941/
এছাড়াও অনুমোদিত প্রকল্পের মধ্যে মোংলা থেকে চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত নতুন নৌরুট খনন করা হবে। নৌপথের মোট দূরত্ব ৪৬০ কিলোমিটার। নৌপথ খননে ব্যয় বাড়ছে আরও ৩৩৪ কোটি টাকা। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভারী মালামাল পরিবহনের জন্য এ রুটের গভীরতা বাড়ানো হবে। ৫ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশের গভীরতা) জাহাজ জেটিতে ভেড়ানোর জন্যই মূলত খনন করা হবে।
আইসিটি বিভাগের পাশ হওয়া নতুন প্রকল্প উপস্থাপনায় বলা হয়েছে, জাতীয় সংসদের সচিবালয়ের জন্য পার্লামেন্ট রিসোর্স প্লানিং (পিআরপি) সফটওয়্যার তৈরি; ডিজিটাল সার্ভিস ডিজাইন অ্যান্ড প্লানিং ল্যাব (ডিএসডিএল); বিভিন্ন কাস্টমাইজড সফটওয়্যার মডিউল, মোবাইল অ্যাপলিকেশন ও ওয়েবসাইট তৈরি ও মানোন্নয়ন এবং প্রথম থেকে একাদশ সংসদ পর্যন্ত সকল কাজ ডিজিটাল আর্কাইভিং করা হবে।