ই-কমার্স প্লাটফর্মে সরকারি সুরক্ষা নিশ্চিতের দাবি

৩ অক্টোবর, ২০২১ ১৬:৩৯  

দেশে ই-কমার্স প্লাটফর্মে সরকারি সুরক্ষা নিশ্চিতের দাবি উঠেছে। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ই-কমার্স প্ল্যাটফর্মের লাইসেন্স বাধ্যতামূলক করাসহ ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবি তোলা হয় সংবাদ সম্মেলনে।

অনুষ্ঠানে নিজেদের ইভ্যালি মার্চেন্ট ও ভোক্তা হিসেবে পরিচয় দিয়ে এসব দাবি উপস্থাপন করেন আয়োজক কর্ত্রৃপক্ষ।

সংবাদ সম্মেলনে নিজেকে ইভ্যালির মার্চেন্ট দাবি করা মো. নাসির উদ্দিন জানান, মাত্র কয়েকটি অভিযোগের জন্য ইভ্যালি সিইও রাসেলকে আটকে রাখা হয়েছে। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন ইভ্যালির মার্চেন্ট এবং ভোক্তারা।

এদিকে সংবাদ সম্মেলনে ইভ্যালি সিইও রাসেলকে নজরদারির মাধ্যমে দিকনির্দেশনা দিয়ে ব্যবসায় করার সুযোগ দেয়া, এসক্রো সিস্টেম চালু হওয়ার আগে অর্ডারকৃত পণ্য ডেলিভারি দিতে রাসেলকে সময় দেওয়া এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ইক্যাব, পেমেন্ট গেটওয়ে, মার্চেন্ট ও ভোক্তা প্রতিনিধিদের সমন্বয় কমিটি গঠনেরও দাবি জানানো হয়।