বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে  

ভক্সওয়াগেন ও মার্সিডিজকে ছাড়ালো চীনের বিওয়াইডি

সিএএম-এর অটোমোটিভ ইনোভেশনস রিপোর্ট ২০২৬-এ বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোটিভ গ্রুপের স্বীকৃতি পেয়েছে বিওয়াইডি। ব্যাটারি প্রযুক্তি, এডিএএস ও ইলেকট্রিক যানবাহন উদ্ভাবনে নতুন মাইলফলক।

ভক্সওয়াগেন ও মার্সিডিজকে ছাড়ালো চীনের বিওয়াইডি
৮ জুন, ২০২৬ ০০:০০  

বিশ্বের অটোমোটিভ প্রযুক্তি খাতে নতুন মাইলফলক স্থাপন করেছে বিওয়াইডি। সেন্টার অব অটোমোটিভ ম্যানেজমেন্ট (সিএএম) প্রকাশিত ‘অটোমোটিভ ইনোভেশনস রিপোর্ট ২০২৬’-এ বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোটিভ গ্রুপ হিসেবে শীর্ষস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এই অর্জনের মাধ্যমে প্রথমবারের মতো কোনো চীনা অটোমোবাইল নির্মাতা বৈশ্বিক উদ্ভাবন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলো।

সিএএমের ২২তম সংস্করণের এই প্রতিবেদনে বিশ্বের ৩৬টি অটোমোটিভ গ্রুপের ৮৬৭টিরও বেশি প্রযুক্তিগত উদ্ভাবন মূল্যায়ন করা হয়। সংস্থাটির নিজস্ব ‘এম.ও.বি.আইএল’ মূল্যায়ন পদ্ধতিতে প্রযুক্তির পরিপক্বতা, মৌলিকত্ব, ব্যবহারিক উপযোগিতা এবং উদ্ভাবনী সক্ষমতার ভিত্তিতে র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়।

প্রতিবেদনে বিওয়াইডি ১৫৭.২ ইনডেক্স পয়েন্ট অর্জন করে শীর্ষস্থান নিশ্চিত করেছে। ফলে প্রতিষ্ঠানটি দীর্ঘদিনের শীর্ষ প্রতিযোগী ভক্সওয়াগেন গ্রুপ (১৪৩.১ পয়েন্ট) এবং মার্সিডিজ-বেঞ্জ গ্রুপকে (১৩৪.২ পয়েন্ট) পেছনে ফেলে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনের নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে।

শুধু গ্রুপ ক্যাটাগরিতেই নয়, ‘মোস্ট ইনোভেটিভ ভলিউম ব্র্যান্ড ২০২৬’ স্বীকৃতিও অর্জন করেছে বিওয়াইডি। ১০৫-এর বেশি ইনোভেশন ইনডেক্স পয়েন্ট নিয়ে প্রতিষ্ঠানটি টয়োটা ও রেনল্টের মতো প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকেও ছাড়িয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, ব্যাটারি প্রযুক্তি, ইলেক্ট্রিফাইড পাওয়ারট্রেন, কৃত্রিম বুদ্ধিমত্তা-সমৃদ্ধ ইন্টেলিজেন্ট ড্রাইভিং সিস্টেম এবং একাধিক ‘ওয়ার্ল্ড-ফার্স্ট’ প্রযুক্তিগত উদ্ভাবন বিওয়াইডির এই সাফল্যের প্রধান ভিত্তি। বিশেষ করে ব্লেড ব্যাটারি, ডিএম-আই সুপার হাইব্রিড প্রযুক্তি এবং উন্নত ড্রাইভার সহায়ক ব্যবস্থা (এডিএএস) বৈশ্বিক ইভি শিল্পে নতুন মানদণ্ড তৈরি করেছে।

বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমানো এবং সাসটেইনেবল মবিলিটি বাস্তবায়নের ক্ষেত্রে বিওয়াইডির ক্রমবর্ধমান ভূমিকারও স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে এ অর্জনকে। বৈদ্যুতিক ও বিকল্প জ্বালানিচালিত যানবাহনের প্রযুক্তি উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগের ফলে প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে দ্রুত সম্প্রসারণ অব্যাহত রেখেছে।

বাংলাদেশেও সাসটেইনেবল পরিবহন ব্যবস্থার প্রসারে সক্রিয় ভূমিকা রাখছে বিওয়াইডি। সম্প্রতি প্রতিষ্ঠানটি দেশের বাজারে দুটি ভেহিকল ডেলিভারি মেগা ইভেন্টের মাধ্যমে ৯০টি নিউ এনার্জি ভেহিকল সরাসরি গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিবেশবান্ধব যানবাহনের প্রসার এবং প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থার বিকাশে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

//ডিবিটেক/এমআই/ আইএইচ //