ছেলেদের মারামারি দেখে বাবার মৃত্যু, হাসপাতালের বারান্দায় মরদেহ

রংপুর: রংপুরের কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে হার্ট অ্যাটাকে মহির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গুলশান মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহির উদ্দিন ছোট স্ত্রী ও দুই ছেলে মাইদুল ইসলাম ও রশিদুল ইসলামকে নিয়ে গুলশান মোড় এলাকায় বসবাস করতেন। […] The post ছেলেদের মারামারি দেখে বাবার মৃত্যু, হাসপাতালের বারান্দায় মরদেহ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ছেলেদের মারামারি দেখে বাবার মৃত্যু, হাসপাতালের বারান্দায় মরদেহ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০০  

রংপুর: রংপুরের কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে হার্ট অ্যাটাকে মহির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গুলশান মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহির উদ্দিন ছোট স্ত্রী ও দুই ছেলে মাইদুল ইসলাম ও রশিদুল ইসলামকে নিয়ে গুলশান মোড় এলাকায় বসবাস করতেন। তিনি বাড়ি সংলগ্ন মুদি দোকান করে জীবিকা নির্বাহ করতেন এবং পাশেই ছিল বড় স্ত্রীর বাড়ি। ছোট ছেলে নেশাগ্রস্ত হওয়ায় তাকে কয়েকদিন ধরে দোকানে বসতে দিতেন না বাবা মহির ও বড় ভাই মাইদুল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল।

এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলের দিকে রশিদুল দোকানে উঠে টাকা নিতে ধরেন। এসময় ছোট ভাইকে টাকা নিতে বাধা দেন বড় ভাই। এ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন।

এ সময় বাজার থেকে মালামাল নিয়ে দোকানের সামনে হাজির হন মহির উদ্দিন। চোখের সামনে দুই ছেলের মারামারি দেখে মোটরসাইকেলে থাকা অবস্থায় পড়ে যান তিনি। পরে বড় ছেলে ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, দুই ছেলের মারামারি দেখে মহির উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

The post ছেলেদের মারামারি দেখে বাবার মৃত্যু, হাসপাতালের বারান্দায় মরদেহ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.