প্রতি দুই সপ্তাহে ক্রোম আপডেট করবে গুগল

প্রতি দুই সপ্তাহে ক্রোম আপডেট করবে গুগল
৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪০  

সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশমান সময়ের সাথে তাল মেলাতে গুগল তাদের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’-এর রিলিজ নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। চার সপ্তাহের পুরোনো চক্র বদলে এখন থেকে প্রতি দুই সপ্তাহে ক্রোমের নতুন সংস্করণ উন্মোচন করবে প্রতিষ্ঠানটি। 

ডেক্সটপ, আইওএস এবং অ্যান্ড্রয়েড সব মাধ্যমেই ‘ক্রোম ১৫৩’ সংস্করণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই দুই সপ্তাহের আপডেট চক্রের যাত্রা শুরু হলো। 

সাইবার নিরাপত্তা ও এন-ডে ব্যবধান কমানোর কৌশল
গুগল জানিয়েছে, বর্তমানে এআইভিত্তিক স্বয়ংক্রিয় টুল ও ব্যবহারকারীদের রিপোর্টের কারণে সফটওয়্যারের ত্রুটি ও নিরাপত্তাজনিত বাগ দ্রুত চিহ্নিত হচ্ছে। এর ফলে দ্রুততম সময়ের মধ্যে নিরাপত্তা প্যাচ প্রকাশ করা জরুরি হয়ে পড়েছে। এই পরিবর্তনের প্রধান লক্ষ্য হলো তথাকথিত ‘এন-ডে’ প্যাচ ব্যবধান কমানো। 

অর্থাৎ কোনো নিরাপত্তা ত্রুটি চিহ্নিত হওয়া এবং সাধারণ ব্যবহারকারীর কাছে সেটির সমাধান বা প্যাচ পৌঁছানোর মধ্যবর্তী সময় যতটা সম্ভব ছোট করে আনা। এআই প্রযুক্তির অপব্যবহার করে তৈরি হওয়া সাইবার হুমকি মোকাবিলায় এই দ্রুতগতির আপডেট ব্যবস্থা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। 

দ্রুত নতুন ফিচার চালু ও তীব্র প্রতিযোগিতা
নিরাপত্তার পাশাপাশি ব্যবহারকারীদের কাছে নতুন নতুন ফিচার ও সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই দুই সপ্তাহের চক্র সাহায্য করবে। এআই আসার পর থেকে বিশ্বজুড়ে সফটওয়্যার তৈরির গতি অনেক বেড়েছে, যার ফলে ব্রাউজার বাজারে নতুন নতুন প্রতিযোগী তৈরি হচ্ছে। 

যদিও ওপেনএআই-এর তৈরি ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ ব্রাউজারটি বন্ধ হয়ে গেছে, তবুও ব্রেইভ, দিয়া, অপেরা নিয়ন, পারপ্লেক্সিটির ‘কমেট’ এবং ডাকডাকগো-র মতো স্বাধীন ব্রাউজারগুলো ক্রোমের বাজারের অংশ নেওয়ার চেষ্টা করছে। তাই গুগলও ক্রোম ব্রাউজারে দ্রুত এআই ফিচার যুক্ত করা এবং তা নিয়মিত পরিমার্জন করে ব্যবহারকারীদের দেওয়ার ওপর জোর দিচ্ছে। 

পুরো ওয়েব বিশ্বের ওপর প্রভাব
ক্রোমের মাধ্যমে আপডেট প্রকাশের গতি দ্বিগুণ করার সিদ্ধান্ত পুরো ওয়েব ইন্ডাস্ট্রিতে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রাউজার হওয়ার কারণে গুগলের এই সিদ্ধান্ত প্রযুক্তি খাতের মানদণ্ড নির্ধারণে ভূমিকা রাখছে। 

ইতোমধ্যেই মোজিলা, মাইক্রোসফট ও ব্রেইভের মতো অন্যান্য ব্রাউজার তৈরি করা প্রতিষ্ঠানগুলোও এই দুই সপ্তাহের দ্রুত আপডেট নীতি গ্রহণ করতে শুরু করেছে। উল্লেখ্য, এর আগে ২০২১ সালে গুগল তাদের ছয় সপ্তাহের ক্রোম আপডেট চক্র কমিয়ে চার সপ্তাহে নিয়ে এসেছিল। 

ডিবিটেক/বিএমটি    ।   সূত্র: টেকক্রাঞ্চ