‘বেনজীরকে দেশে ফেরাতে আমিরাতে ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে’

ঢাকা: সাবেক আইজিপি বেনজীর আহমেদকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ‘সিরিয়াল কিলার’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি না থাকলেও তাকে দেশে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক তৎপরতা চলছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে জামায়াতের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনাকালে তিনি এসব কথা জানান। এ […] The post ‘বেনজীরকে দেশে ফেরাতে আমিরাতে ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে’ first appeared on Sarabangla | Breaking News

‘বেনজীরকে দেশে ফেরাতে আমিরাতে ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে’
৯ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০০  

ঢাকা: সাবেক আইজিপি বেনজীর আহমেদকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ‘সিরিয়াল কিলার’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি না থাকলেও তাকে দেশে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক তৎপরতা চলছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে জামায়াতের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনাকালে তিনি এসব কথা জানান। এ সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বেনজীরের বিরুদ্ধে উপযুক্ত আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর গত ১২ জুন ইন্টারপোলের আবুধাবি শাখা তাকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতারের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। সরকার ইন্টারপোলের তথ্যের পর নির্ধারিত সময়ের অনেক আগেই মাত্র চারদিনের মাথায় আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায় এবং পারস্পরিক আইনি সহযোগিতার আওতায় বিচারিক লড়াই পরিচালনার জন্য আমিরাতের ‘হামদান আল কাবি অ্যাডভোকেটস অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি’ নামের একটি শীর্ষ ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।”

তিনি বলেন, ‘বেনজীর আহমেদ জামিন নিয়ে সেন্ট লুসিয়ায় পালিয়ে যাওয়ার বিষয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে, সেগুলোর বিষয়ে এখন পর্যন্ত কোনো রাষ্ট্র বা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে থেকে আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির মামলা চলমান রয়েছে এবং তার দেশের অ্যাপার্টমেন্ট সিলগালা করা হয়েছে।’

বেনজীরকে ফেরানোর বিষয়ে সরকারের ধীরগতির অভিযোগ নাকচ করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় সদস্যদের উদ্দেশে বলেন, ‘সব বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে দুবাই ছুটে গেলেই হয় না। রাষ্ট্রীয় ও আইনি প্রক্রিয়া আছে। আমরা কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা করছি।’

দুবাইয়ে প্রবাসীরা কেন আন্দোলন করছে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওটা একটি রাজতন্ত্র। সেখানে মিছিল করলেই বেনজীরকে দিয়ে দেবে না, উল্টো প্রবাসীরা গ্রেফতার হবেন। এর আগে জুলাই আন্দোলনে সেখানে প্রবাসীরা গ্রেফতার হয়েছিলেন। তাদের ছাড়িয়ে আনতে আমাদের জান বেরিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘বিগত সরকারের আমলে গুম, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক সহিংসতায় প্রায় সাত থেকে আট হাজার মানুষ নিপীড়নের শিকার হয়েছেন এবং জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা দুই হাজারের বেশি।’

এই ১৭ বছরের নির্যাতন-নিপীড়নের মূল হাতিয়ারদের মধ্যে সাবেক এই আইজিপি অন্যতম উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন যে, বিদেশে পলাতক সব অপরাধীকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার সুনিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

The post ‘বেনজীরকে দেশে ফেরাতে আমিরাতে ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.