বিনামূল্যে নতুন 'ফেসবুক ভেরিফাইড' ব্যাজ আনলো মেটা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল, স্ক্যামার এবং ভুয়া কনটেন্টের ভিড়ে আসল ব্যবহারকারীদের আলাদাভাবে চিহ্নিত করতে একটি নতুন পদক্ষেপ নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি সাধারণ ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে 'ফেসবুক ভেরিফাইড' ব্যাজ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে।
কীভাবে মিলবে এই ভেরিফাইড ব্যাজ?
মেটা পেড সার্ভিস 'মেটা ভেরিফাইড'-এর সুবিধাগুলোর চেয়ে এটি পুরোপুরি আলাদা। এটি পেতে কোনো টাকা দিতে হবে না। ব্যাজটি পেতে ব্যবহারকারীকে একটি ফেসিয়াল রেকগনিশন সেলফি তুলতে হবে, যা তার বিদ্যমান ফেসবুক প্রোফাইল ছবির সাথে মিলিয়ে দেখা হবে। প্রক্রিয়াকরণে মাত্র কয়েক মিনিট সময় লাগবে। এছাড়া ব্যবহারকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে এবং অ্যাকাউন্টটিকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড বা নীতিমালা মেনে চলতে হবে।
ব্যাজটি যেখানে প্রদর্শিত হবে
একবার পরিচয় নিশ্চিত হলে ব্যবহারকারীর ভেরিফাইড ব্যাজটি ফেসবুকের মার্কেটপ্লেস, ডেটিং সার্ভিসসহ ফেসবুকের বিভিন্ন সাইট ও ফিডে নাম বা প্রোফাইলের পাশে প্রদর্শিত হবে। তবে মেটা স্পষ্টভাবে জানিয়েছে, এই ব্যাজটি কেবল একজন মানুষের 'আসল পরিচয়' নিশ্চিত করে; কোনো তারকা, খ্যাতি বা অ্যাকাউন্টের বিশ্বস্ততার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে না।
নতুন উদ্যোগের কারণ
বর্তমানে এআই টুলের মাধ্যমে অতি-বাস্তবসম্মত ভুয়া প্রোফাইল তৈরি করে বিভিন্ন ধরনের প্রতারণা ও স্বয়ংক্রিয় স্ক্যাম মেসেজ পাঠানোর প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ব্যবহারকারীদের এসব প্রতারণা থেকে সুরক্ষিত রাখতেই মেটা বিনামূল্যে পরিচয় যাচাইকরণের এই ফিচারটি নিয়ে এসেছে।
অন্যান্য ঘোষণা ও সুবিধা
এই আপডেটের পাশাপাশি ফেসবুক 'ইমারসিভ ভিডিও' নামের একটি নতুন ফুল-স্ক্রিন ভিডিও অভিজ্ঞতার পরীক্ষা শুরু করছে, যা অ্যাপ খোলার সাথে সাথেই চালু হবে। তবে চাইলে ব্যবহারকারীরা এটি বন্ধ করে আগের মতো সাধারণ নিউজফিড ইন্টারফেসে ফিরে যেতে পারবেন।
মেটার এই নতুন ভেরিফিকেশন সুবিধাটি কোনো প্রাতিষ্ঠানিক পেজ বা প্রো-মোড অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হবে না। চলতি সপ্তাহের সোমবার থেকে নির্বাচিত কিছু দেশে এটি চালুর পর বিশ্বব্যাপী সব সাধারণ ব্যবহারকারীর জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





