৮ হাজার মাদ্রাসাসহ দশ হাজার ৫৬৮ প্রতিষ্ঠানে ‘ফ্রি ওয়াই ফাই’ চালু হচ্ছে

৮ হাজার মাদ্রাসাসহ দশ হাজার ৫৬৮ প্রতিষ্ঠানে ‘ফ্রি ওয়াই ফাই’ চালু হচ্ছে
১৫ এপ্রিল, ২০২৬ ২২:৫৩  

দেশের ৮ হাজার মাদ্রাসাসহ আরও ১০ হাজার ৫৬৮টি প্রতিষ্ঠানে ‘ফ্রি ওয়াই ফাই’ চালু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৬ এপ্রিল, বুধবার সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আধুনিকায়নে আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি ও  ৮ হাজার ২৩২টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ফ্রি ওয়াই ফাই’ চালু করা হবে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচির আলোকে কতিপয় গুরুত্বপূর্ণ কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা হয়েছে। এগুলো বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতিও অর্জিত হয়েছে।

তিনি জানান, ‘হাই-টেক/সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারসমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলা এবং ৩টি সিটি কর্পোরেশনে ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারীপ্রধানকে ‘ফ্যামিলি কার্ড’র মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। প্রি-পাইলটিং পর্যায়ে দেশের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে এ কার্যক্রম চলছে। এ ছাড়া, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সরকার শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে এবং এর ফলে সারা দেশের প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার, প্যাগোডা ও চার্চে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানি ও উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে পাইলট স্কীমের মাধ্যমে ইতোমধ্যে ৯ হাজার ১০২ জন উপকারভোগীর ব্যাংক একাউন্টের মাধ্যমে সম্মানি ভাতা প্রেরণ করা হয়েছে। যার আওতা সম্প্রসারণের কাজ চলছে।’

বেলা ১১ টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। দিনের শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংসদ নেতারা।

ডিবিটেক/এসএ/ইকে