জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আমির হোসেন
নিয়োগের ২৩ দিনের মাথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য থেকে অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দেয়া হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আমির হোসেনকে।
৬ জুন, শনিবার শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ভাইস-চ্যান্সেলর পদে ড. মো. আমির হোসেনের নিয়োগের মেয়াদ হবে তার যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছর। তবে এর মধ্যে তার অবসর গ্রহণের তারিখ চলে এলে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্তই তিনি স্বীয় পদে বহাল থাকবেন। নতুন এই পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
প্রজ্ঞাপনের শর্তে উল্লেখ করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। অবশ্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৪ মের প্রজ্ঞাপনের শর্ত মোতাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে তাকে মূল কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূলপদে যোগদানের অনুমতিও দেওয়া হয়েছে।
//ডিবিটেক/ ডিপিও/ ইকে//





