কাস্টমসে ইনভয়েস যাচাইয়ে কাগজের ইতি, রিয়েল-টাইম ডিজিটাল সংযোগ চালু
আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণে বড় পদক্ষেপ হিসেবে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে বাংলাদেশ ব্যাংক–এর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম (এফএক্সটিএমএস)–এর আন্তঃসংযোগ চালু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে এই সংযোগ বাস্তবায়ন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে সিস্টেমটির ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট সম্পন্ন হয়েছে। মঙ্গলবার থেকে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে এবং বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
এতদিন ব্যাংক থেকে প্রত্যয়িত কমার্শিয়াল ইনভয়েস কাস্টমস কর্তৃপক্ষের কাছে হার্ড কপিতে জমা দিতে হতো। তবে নতুন এই সংযোগের ফলে এখন এফএক্সটিএমএস থেকে রিয়েল-টাইমে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে ইনভয়েস তথ্য চলে যাবে। ফলে কাস্টমস অফিসে আলাদা করে কাগজ জমা দেওয়ার প্রয়োজন থাকবে না।
এনবিআর চেয়ারম্যান বলেন, এই উদ্যোগের ফলে কমার্শিয়াল ইনভয়েস যাচাই প্রক্রিয়া পুরোপুরি অনলাইন ও রিয়েল-টাইম হবে। কাগজপত্রের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে রাজস্ব ঝুঁকি হ্রাস পাবে এবং আমদানি-রপ্তানি পণ্যের খালাস প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত হবে। এছাড়া ট্রেড-বেইজড মানি লন্ডারিং কমাতেও এটি সহায়ক হবে।
এনবিআর জানায়, এই ব্যবস্থার মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণে একটি নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি হবে। পাইলটিং কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে বিল অব এন্ট্রিতে বাধ্যতামূলকভাবে কমার্শিয়াল ইনভয়েস সংযোজনের ব্যবস্থা চালু করা হবে।
সংশ্লিষ্টদের মতে, এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের এই যৌথ উদ্যোগ কাগজবিহীন কাস্টমস ব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও সহজ হবে এবং কাস্টমস ব্যবস্থার আধুনিকায়ন ত্বরান্বিত হবে।
ডিবিটেক/এসএ/এমইউএম







