ইনস্টাগ্রামে কিশোরদের এক-পঞ্চমাংশের সামনে ‘অপছন্দের নগ্ন ছবি’
মেটার অভ্যন্তরীণ এক জরিপে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ১৩ থেকে ১৫ বছর বয়সী প্রতি পাঁচজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর একজন প্ল্যাটফর্মটিতে ‘অপছন্দের নগ্ন বা যৌন ছবি’ দেখেছেন বলে জানিয়েছেন। সম্প্রতি মার্কিন আদালতে দায়ের করা একটি মামলার নথি থেকে এই তথ্য জানা গেছে। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে চলমান এই মামলার অংশ হিসেবে গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এই নথি প্রকাশ করা হয়। এতে ২০২৫ সালের মার্চ মাসে ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মসেরির জবানবন্দির কিছু অংশ অন্তর্ভুক্ত রয়েছে।
মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন জানিয়েছেন, এই পরিসংখ্যানটি ২০২১ সালে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ওপর চালানো এক জরিপ থেকে নেওয়া, পোস্ট পর্যালোচনা থেকে নয়।
মামলার নথিতে আরও প্রকাশ পেয়েছে, একই জরিপে ১৩-১৫ বছর বয়সী প্রায় ৮ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন, তারা ইনস্টাগ্রামে ‘কাউকে আত্মহত্যা করতে বা এমন হুমকি দিতে দেখেছেন’।
একই মামলায় ২০২১ সালের ২০ জানুয়ারির আরেকটি নথি প্রকাশ করা হয়েছে। সেখানে মেটার এক গবেষক কিশোর ব্যবহারকারীদের ওপর ফোকাস করার সুপারিশ করেন। ওই গবেষকের মতে, কিশোররা তাদের পরিবারের জন্য ‘অনুঘটক’ হিসেবে কাজ করে এবং তারা কীভাবে তাদের ছোট ভাইবোন ও বাবা-মাকে অ্যাপ ব্যবহারে প্রভাবিত করে তা নতুন ব্যবহারকারী আকর্ষণ ও ধরে রাখতে সহায়ক হতে পারে।
মসেরি তার জবানবন্দিতে বলেন, বেশিরভাগ যৌন ছবি ব্যবহারকারীদের মধ্যে ব্যক্তিগত বার্তার মাধ্যমে আদান-প্রদান হয়। সেগুলো পর্যালোচনার ক্ষেত্রে ব্যবহারকারীদের গোপনীয়তার বিষয়টি মাথায় রাখতে হয়। তিনি বলেন, “অনেক মানুষ চান না আমরা তাদের বার্তা পড়ি”।
উল্লেখ্য, মেটা সম্প্রতি কিশোর ব্যবহারকারীদের সুরক্ষায় ২০২৫ সালের শেষ দিকে নতুন নীতি ঘোষণা করে। প্রতিষ্ঠানটি জানায়, তারা নগ্নতা ও স্পষ্ট যৌন কার্যকলাপ সম্বলিত ছবি ও ভিডিও সরিয়ে ফেলবে। চিকিৎসা ও শিক্ষামূলক কনটেন্টের ক্ষেত্রে এর ব্যতিক্রম থাকবে।
ডিবিটেক/বিএমটি







