টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের চতুর্থ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলার সরকারি কুমুদিনী কলেজে ২৬ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত এই পরীক্ষায় ৭৩৫ জন পরীক্ষার্থী অংশ নেন।
পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম, সহ-সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এছাড়া ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড জেলা শাখার সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান, প্রশিক্ষক সঙ্গীতা সরকার, ট্রেইনার (ডিজিটাল মার্কেটিং) অমিত মন্ডল, ট্রেইনার (ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইন) মাহবুবুর রহমানসহ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন।
আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’-এর পরিচালনায় অনুষ্ঠিত এই পরীক্ষা বিষয়ে জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা জানান, টাঙ্গাইলসহ দেশের মোট ৪৮টি জেলায় একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে শান্তিপূর্ণ ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর লিখিত পরীক্ষা ও চূড়ান্ত ফলাফল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত , যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর লক্ষ্য হলো ফ্রিল্যান্সিং দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্ব দূরীকরণ এবং উদ্যোক্তা সৃষ্টি।







