১ লাখ শেয়ার বিক্রি করছেন ওয়ালটন উদ্যোক্তা আশরাফুল আলম
নিজের মালিকানাধীন ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক এস এম আশরাফুল আলম। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, এই উদ্যোক্তা ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যানের কাছে রয়েছে কোম্পানিটির ৬ কোটি ৫৬ লাখ ৮১ হাজার ৯৮৯টি শেয়ার। এর মধ্যে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে ১ লাখ শেয়ার বিক্রি করতে পারবেন তিনি। তিনি সদ্য সমাপ্ত অর্থ বছরে ওয়ালটন প্লাজা সেরা করদাতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সর্বশেষ হিসাব অনুযায়ী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৯৮.৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ০.৪৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.১০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ০.৫৬ শতাংশ শেয়ার আছে।
এর আগে গত মাসে কোম্পানির অপর উদ্যোক্তা পরিচালক এস. এম. রেজাউল আলমের কাছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৮৯ লাখ শেয়ারের মধ্যে তিনি কোম্পানির ৩ লাখ শেয়ার বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছিলেন। মাসের শেষ দিন তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ১ লাখ শেয়ার বিক্রি করেন বলে জানা গেছে।
২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৬০৯.০০ টাকা থেকে ১,০৪৭.৭০ টাকা। গত সোমবার কোম্পানির সমাপনী শেয়ার দর ছিল ৬২৩.৭০ টাকা , ওপেনিং দর ছিল ৬২৫.০০ টাকাঅ বুধবার দিনে দর উঠানামা হয়েছে ৬০৯.০০ টাকা থেকে ৬২৫.০০ টাকার মধ্যে এবং শেষ সমাপনী দর ছিল ৬১০.৬০ টাকা। বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে ওয়ালটন হাইটেক।







