স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে ইক্যুইটি ফান্ডের যাত্রা শুরু
দেশে ডিজিটাল খাতের ব্যবসায়িক উদ্যোক্তা তৈরিতে আর-ভেঞ্চারস প্রাইভেট ইক্যুইটি ফান্ড উন্মোচন করল টেলিকম অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের মালিকানাধীন রেডডট ডিজিটাল লিমিটেড।
বুধবার এক অনুষ্ঠানে এ ফান্ডটির যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ফান্ডটি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড (এআইএফ) হিসাবে কাজ করবে এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অধীনে নিবন্ধিত হবে। ফান্ডটির উন্মোচন উপলক্ষে রেডডট ডিজিটাল, এসবিকে টেক ভেঞ্চারস ও গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুক্তিটির মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে কোম্পানিগুলো একসাথে কাজ করতে পারবে।
আমরা যদি স্টার্টআপদের সহযোগিতা না করি তাহলে এ দেশ এগিয়ে যাবে না জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, একটি নতুন আইডিয়া সমাজ, দেশকে পরিবর্তন করে দিতে পারে। বড় বড় যত প্রতিষ্ঠান দেখেছি তার সবগুলোই স্টার্টআপের সফলতার আউটকাম। আমাদের দেশেও অনেক তরুণ নতুন নতুন আইডিয়া নিয়ে ভালো ভালো কাজ করেছে। তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে।
আমাদের নতুন নতুন আইডিয়া নিয়ে আসতে হবে। ট্রেডিশনাল আইডিয়া নিয়ে কাজ করলে হবে না। আমাদের দেশের মানুষ একটা আইডিয়া পেল সবাই ঝাঁপিয়ে পড়ে, না আমাদের নতুন আইডিয়া এবং নতুন সমস্যা সমাধানে কাজ করতে হবে বললেন রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ।
বাংলাদেশি স্টার্টআপও গ্লোবাল নেতৃত্ব নিতে পারবে অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেন ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র চেয়ারম্যান শামীম আহসান।
মানুষের কাছে ডিভাইস ও কানেক্টিভিটি পৌঁছে গেছে, তারপর আমাদের কাজ হবে ডাটা নিয়ে, ডাটা বর্তমান সময়ের পাওয়ার। আগামীর উন্নত প্রযুক্তির সমস্যার সমাধান নিয়ে আমাদের স্টার্টআপগুলো কাজ করছে বললেন এসবিকে টেক ভেঞ্চারস’র প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির।
রবির হেড অব করপোরেট অ্যাফেয়ার্স শাহেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আর-ভেঞ্চারসের যাত্রা, প্রাইভেট ইক্যুইটি ফান্ড প্রোগ্রামটির রূপরেখা এবং এর বর্তমান অবস্থা ব্যাখ্যা করেন রবি'র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ।